রংপুরে শিক্ষানবিশ নার্সের পাঁচ দিনেও সন্ধান মেলেনি
রংপুর নার্সিং কলেজের শিক্ষানবিশ নার্স রাজিয়া সুলতানার (২৪) পাঁচ দিনেও সন্ধান মেলেনি। তাঁকে সাদাপোশাকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসের একটি আবাসিক কোয়ার্টার থেকে গত শুক্রবার তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নার্সিং কলেজের পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দাখিলও করা হয়েছে।
নার্সিং কলেজ সূত্রে জানা যায়, রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে অবস্থিত ১৪ নম্বর আবাসিক কোয়ার্টারে রাজিয়া সুলতানা বসবাস করতেন। গত শুক্রবার রাত তিনটার দিকে সাদাপোশাকে পাঁচ গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাঁর বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। ঘটনার পরদিন গত শনিবার নার্সিং কলেজের পক্ষে প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক বিষয়টি অবহিত করে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দাখিল করেন।
রংপুর নার্সিং কলেজের তত্ত্বাবধায়ক পরী বানু বলেন, ‘বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি। তারা বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছে। কিন্তু এখনো তাঁর সন্ধান পাওয়া যায়নি।’
রংপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান চৌধুরী গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে হয়তোবা তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে গোয়েন্দা পুলিশ জড়িত নয়। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, ‘নার্সিং কলেজের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। বিষয়টি আমরা খোঁজখবর করে দেখছি।’