রংপুরে শিবিরের সাত নেতা-কর্মীর ২০ বছর কারাদণ্ড
রংপুরে বিস্ফোরক আইনে করা মামলায় ইসলামী ছাত্রশিবিরের সাত নেতা-কর্মীকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান গতকাল মঙ্গলবার দুপুরে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সাতজন হলেন আহসান হাবীব, মোস্তফা কামাল, মেহেদী হাসান ওরফে তাওহীদ ইকবাল সৌরভ, রবিউল ইসলাম, মনোয়ার হোসেন, জামিরুল ইসলাম ওরফে আবদুল্লাহ ও ময়নুল ইসলাম। এঁদের মধ্যে মেহেদী হাসান কারমাইকেল কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। অন্যরা একই কলেজ শাখা শিবিরের নেতা-কর্মী। আহসান হাবীব ও মোস্তফা কামালকে গতকাল রায় ঘোষণার সময় আদালতে হাজির করা হয়। অন্যরা পলাতক রয়েছেন।
আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি ফারুক মোহাম্মদ রেয়াজুল করীম জানান, বিস্ফোরক দ্রব্য আইনে প্রত্যেক আসামিকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, রংপুর নগরের লালবাগে কারমাইকেল কলেজের পাশে অবস্থিত ছাত্রশিবির নিয়ন্ত্রিত অনি-অমি আবাসিক ছাত্রাবাসে ২০১৩ সালের ১৮ মার্চ রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় বিপুল পরিমাণ ককটেল, বোমা তৈরির বিস্ফোরক দ্রব্য, পেট্রল ও রড উদ্ধার করা হয়। পরদিন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোখতারুল আলম বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। পরে ২৬ মে এই মামলার তদন্ত কর্মকর্তা শরিফুল ইসলাম ছাত্রশিবিরের ওই সাত নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।