রংপুরে শিশু হত্যার দায়ে এক নারীর ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে ছয় বছরের শিশু রুম্মনকে হত্যার দায়ে মাজেদা বেগম নামের এক নারীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কামরুজ্জামান গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।
রংপুর আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি ফারুখ মোহাম্মদ রেয়াজুল করিম জানান, ২০০৭ সালের ২৩ জুলাই জেলার গঙ্গাচড়া উপজেলার ঠাকুরদহ মন্দিরপাড়া গ্রামের সামসুল হকের স্ত্রী মাজেদা বেগম (৩৫) একই এলাকার আব্দুল মান্নানের শিশুপুত্র রুম্মনকে চকলেট খাওয়ার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যান। ওই দিন সন্ধ্যায় তিনি নিজের ঘরে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় গঙ্গাচড়া থানায় মামলা করেন রুম্মনের বাবা।
গ্রেপ্তারের পর মাজেদা বেগম পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুটিকে গলা টিপে হত্যার কথা স্বীকার করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে তাঁকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।