রংপুরে শিশু হত্যায় একজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের খামারপাড়া এলাকায় শিশু রাকিবকে (৮) পিটিয়ে হত্যার অভিযোগে আসামি নাজমুল ইসলামকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ রায় দেন।
আদালতে সরকারের বিশেষ কৌঁসুলি রথীশ চন্দ্র ভৌমিক মামলার উদ্ধৃতি দিয়ে জানান, ২০০৮ সালের ১৭ জুলাই রংপুর শহরের খামারপাড়া এলাকার একটি পুকুরে শিশু রাকিবসহ তিন বন্ধু মিলে গোসল করতে যায়। এ জন্য ওই পুকুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক কর্মচারী শহিদুল ইসলাম শিশুদের গালাগাল দেন। এ সময় পুকুর থেকে তারা চলে যাওয়ার সময় আরেক কর্মচারী আসামি নাজমুল তাদের ধাওয়া করে রাকিবকে ধরে ফেলেন। পরে তিনি শিশুটিকে গাছের ভাঙা ডাল দিয়ে বেদম মারপিট করেন। একপর্যায়ে ঘটনাস্থলেই রাকিব মারা যায়।
এ ঘটনায় রাকিবের বাবা আয়নাল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। হত্যার এক দিন পর নাজমুলকে পুলিশ গ্রেপ্তার করে। তারপর থেকেই তিনি কারাগারে ছিলেন।
পুলিশ তদন্ত শেষে আসামি শহিদুল ও নাজমুলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।