রংপুরে শ্রমিক, ব্যবসায়ী ও পুলিশের সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল মঙ্গলবার পুলিশ, শ্রমিক ও ব্যবসায়ীদের ত্রিমুখী সংঘর্ষ ও লাঠিপেটায় ৩০ জন আহত হয়েছে। শহরের শাপলা মোড়ে একটি দোকানের সামনে ইটবোঝাই ট্রাক রাখাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশের সঙ্গেও ব্যবসায়ী-শ্রমিকদের সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে এবং ৩০টি কাঁদানে গ্যাসের সেল ছুড়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে শহরের শাপলা মোড়ের পাশে সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীর দোকানের সামনে একটি ইটবোঝাই ট্রাক রাখা হয়। ট্রাকটি সেখানে না রাখার জন্য ব্যবসায়ী সাইফুল চালককে অনুরোধ করেন। কিন্তু তিনি না শোনায় কথা-কাটাকাটির একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। ঘটনা জানাজানি হলে শ্রমিকেরা সংঘবদ্ধ হয়ে ব্যবসায়ীদের ওপর হামলা চালিয়ে কয়েকটি দোকানপাট ভাঙচুর করেন। এ সময় ব্যবসায়ীরাও সংঘবদ্ধ হয়ে শ্রমিকদের পাল্টা ধাওয়া করেন। দুই পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে তিনটি ট্রাক ও শাপলা মোড়ে অবস্থিত ট্রাক শ্রমিক কার্যালয় ভাঙচুর করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের সেল ছোড়া হয়।