রংপুরে সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে আজ
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্যাপন উপলক্ষে গতকাল শনিবার রংপুরে আন্তপ্রজন্ম সংলাপ হয়েছে। আজ রোববার অনুষ্ঠিত হবে রাজশাহীতে।নারী ও পুরুষের সমতা উন্নয়ন, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতাভুক্ত মহিলাবিষয়ক অধিদপ্তর এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল যৌথভাবে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্যাপন করছে। এ উপলক্ষে পর্যায়ক্রমে সব কটি বিভাগেই আন্তপ্রজন্ম সংলাপ হবে। এর মধ্যে খুলনায় ৪ ডিসেম্বর, বরিশালে ৭ ডিসেম্বর, চট্টগ্রামে ১১ ডিসেম্বর ও সিলেটে ১৮ ডিসেম্বর সংলাপ হবে। ২০ ডিসেম্বর ঢাকার বিয়াম ভবনে সংলাপের মধ্য দিয়ে এর সমাপ্তি হবে।রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে গতকাল বেলা ১১টায় সংলাপের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নারায়ণ চন্দ্র বর্মা।মঞ্চে অভিজ্ঞ দলে আলোচনা করেন কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান আলীম উদ্দীন, লালমনিরহাট সচেতন নাগরিক কমিটির সভাপতি স্বপ্না জামান, দিনাজপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক সামসুল আলম ও রংপুর বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম প্রমুখ। নবীন দলে ছিলেন কুমারী দীপ্তি রায়, সান্ত্বনা রানী বর্মণ, রেজাউল করিম, আল আমিন প্রমুখ। মুখ্য আলোচক ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সরিফা সালোয়া।আলোচনায় নারী নির্যাতন প্রতিরোধে করণীয়, বাল্যবিবাহ ও ইভ টিজিং প্রতিরোধ এবং যৌতুক প্রথার বিরুদ্ধে জনমত গড়ে তোলা, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও পরিবারের ভূমিকাসহ নানা বিষয় উঠে আসে।সংলাপের তথ্য ও গবেষণায় ছিলেন ছড়াকার আনজির লিটন। সঞ্চালনা করেছেন ফেরদৌস বাপ্পী। ধারণকৃত অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও চ্যানেল আইয়ে সম্প্রচার করা হবে। অনুষ্ঠান-সংক্রান্ত তথ্যবিবরণী প্রকাশ করবে মিডিয়া পার্টনার প্রথম আলো।রাজশাহী শিল্পকলা একাডেমীতে আজকের সংলাপ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। প্যানেল আলোচক থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মোহাম্মদ নূরুল্লাহ, শিক্ষক সুস্মিতা চক্রবর্তী ও মিজান উদ্দিন।এদিকে নারী প্রতিরোধ পক্ষ উদ্যাপন উপলক্ষে গত শুক্রবার রাজশাহী নগরের লক্ষ্মীপুরে মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা, মহিলাবিষয়ক অধিদপ্তর, ব্র্যাকসহ সরকারি-বেসকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত লক্ষ্মীপুর মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক শাহীন আক্তার।