রংপুরকে সিটি করপোরেশন ঘোষণার দাবিতে গতকাল রোববার গোটা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। জেলা জাতীয় পার্টি এ হরতালের ডাক দেয়।জাতীয় পার্টি সকাল আটটার দিকে শহরের সেন্ট্রাল রোডের কার্যালয় থেকে মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শহরের শাপলা মোড়, পায়রা চত্বর, কাচারিবাজার, মেডিকেল মোড়, সিও বাজার, প্রেসক্লাব এলাকাসহ বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দেন সাবেক সাংসদ মশিউর রহমান, জেলা জাতীয় পার্টির সদস্যসচিব মোস্তাফিজার রহমান, এস এম ইয়াসীর, সৈয়দ নূর আহমেদ, সালাউদ্দিন কাদেরী, মকসুদার রহমান প্রমুখ। এ ছাড়া হরতালের সমর্থনে একাধিক ব্যবসায়ী সংগঠন শহরে খণ্ড খণ্ড মিছিল বের করে।হরতালে রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশাসহ সব যানবাহন চলাচল বন্ধ ছিল। রংপুর থেকে দূরপাল্লার বাস চলাচল করেনি। হরতালের সময় রংপুর রেলওয়ে স্টেশনে একটি ট্রেন আটকা পড়ে। সরকারি অফিসগুলোতে উপস্থিতির হার ছিল কম।সাবেক সাংসদ মশিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার রংপুরকে বিভাগ ঘোষণা করার পর সিটি করপোরেশন ঘোষণা করা নিয়ে কালক্ষেপণ করছে। তাই সর্বস্তরের মানুষের সহযোগিতায় দাবি আদায়ের লক্ষ্যে এই হরতাল ডাকা হয়।জেলা জাতীয় পার্টির সদস্যসচিব ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বলেন, ‘বিভাগ ঘোষণা করার পর দেড় বছর থেকে সিটি করপোরেশন ঘোষণা করা হচ্ছে বলে শুধু প্রতিশ্রুতিই দেওয়া হচ্ছে। আমরা আর প্রতিশ্রুতি চাই না। এর বাস্তবায়ন চাই বলে এই হরতাল ডাকা হয়েছে।’