রংপুরে সড়কে দুধ ঢেলে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুধের দাম কমানোর প্রতিবাদে গতকাল রংপুর নগরের মাহিগঞ্জ সাতমাথা এলাকায় দুগ্ধ খামারিরা রংপুর–কুড়িগ্রাম সড়কে দুধ ঢেলে প্রতিবাদ জানান l ছবি: প্রথম আলো
দুধের দাম কমানোর প্রতিবাদে গতকাল রংপুর নগরের মাহিগঞ্জ সাতমাথা এলাকায় দুগ্ধ খামারিরা রংপুর–কুড়িগ্রাম সড়কে দুধ ঢেলে প্রতিবাদ জানান l ছবি: প্রথম আলো

দাম কমানোর প্রতিবাদে গতকাল রোববার রংপুর নগরের মাহিগঞ্জ সাতমাথা এলাকায় দুগ্ধ খামারিরা সড়কে দুধ ঢেলে প্রতিবাদ জানিয়েছেন।
বেলা ১১টায় মাহিগঞ্জ সাতমাথা এলাকায় জেলা দুগ্ধ উৎপাদনকারী সমিতির উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এ সময় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে কিছু দুধ ফেলে দিয়ে খামারিরা প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মেছের আলী, খামারি জাহিদুর রহমান, লতিফ সরকার, সাতমাথা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এই অবরোধ-হরতালে বেসরকারি সংস্থা ব্র্যাক ১৩ ফেব্রুয়ারি থেকে দুধের দাম লিটারপ্রতি গড়ে ৭ টাকা কমিয়ে সর্বনিম্ন ২৮ টাকা ও সর্বোচ্চ ৩২ টাকা করে দিয়েছে। আগের দর ছিল ৩৫ থেকে ৪০ টাকা।
দুগ্ধ উৎপাদনকারী সমিতির সাধারণ সম্পাদক মেছের আলী প্রথম আলোকে বলেন, অবরোধ-হরতালে ব্র্যাকের নিজস্ব পরিবহন থাকলেও লিটারপ্রতি দুধের দাম গড়ে সাত টাকা কমিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি দুগ্ধ সংগ্রহকারী ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপককে জানানো হলেও কোনো লাভ হয়নি। এতে খামারিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাঁরা ক্ষুব্ধ হয়ে মহাসড়কে দুধ ঢেলে প্রতিবাদ জানিয়েছেন।
এদিকে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের আঞ্চলিক ব্যবস্থাপক মমতাজ আলী গতকাল প্রথম আলোকে বলেন, দুধের ফ্যাট অনুযায়ী দর নির্ধারণ হয়ে থাকে। এতে করে আজ (রোববার) প্রতি লিটারের দর ছিল সর্বনিম্ন ৩১ টাকা ৬৪ পয়সা ও সর্বোচ্চ ৫৮ টাকা ৪৫ পয়সা।
অবরোধ-হরতালে দুধের দাম কমানো প্রসঙ্গে মমতাজ আলী বলেন, লিটারপ্রতি তিন টাকা কমানো হয়েছে। নিজস্ব পরিবহন হলেও এই অবরোধ-হরতালে চালকদের অতিরিক্ত টাকা দিয়ে গাড়ি চালানো হচ্ছে। এতে পরিবহন খরচ কিছুটা বেড়ে গেছে। আর তাই লিটারপ্রতি তিন টাকা দুধের দাম কমানো হয়েছে। এ ছাড়া পরিবহনব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় দুধের চাহিদাও অনেক কমে গেছে।
এদিকে দুগ্ধ উৎপাদনকারী সমিতি সূত্রে জানা গেছে, রংপুর নগরে ৮০০ খামারি রয়েছেন। এর মধ্যে মাহিগঞ্জ সাতমাথা এলাকায় আছেন ১৮০ জন। এই এলাকার খামারিদের মধ্যে ৭০ জন ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টে দুধ দিয়ে থাকেন। বাকি ১১০ জন অন্য তিনটি (প্রাণ, মিল্ক ভিটা ও রংপুর ডেইরি ফার্ম) দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানকে সরবরাহ করেন। এই তিন প্রতিষ্ঠান দুধের দাম কমায়নি বলে দুগ্ধ উৎপাদনকারী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।