
উৎপাদন খরচের তুলনায় বর্তমানে রংপুরের বিভিন্ন হাটবাজারে ধানের বাজারদর মণপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা কম। আর সরকারিভাবেও কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু হয়নি। ফলে অভাবের তাড়নায় বাধ্য হয়ে কৃষকেরা লোকসানে ধান বেচে দিতে বাধ্য হচ্ছেন। এ পরিপ্রেক্ষিতে গতকাল নগরের মাহিগঞ্জ সাতমাথায় সড়কে ধান ফেলে বিক্ষোভ সমাবেশ করেছেন ক্ষতিগ্রস্ত ধানচাষিরা।
ধান ব্যবসায়ী ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে ধানের বাজারদর মণপ্রতি ৪৫০ টাকা থেকে ৫০০ টাকা। অথচ মণপ্রতি ধান উৎপাদনে খরচ হয়েছে ৭০০ টাকা।
গতকাল নগরের লালবাগ হাটে গিয়ে দেখা গেছে, সেখানে মণপ্রতি ৪৫০ টাকা থেকে ৫০০ টাকা দরে ধান বিক্রি হচ্ছে। ধান বিক্রি করতে আসা নগরের দর্শনা এলাকার কৃষক খলিল মিয়া বলেন, ‘এবার ধান আবাদ করিয়া হামারগুলার শেষ অবস্থা হইছে। বাড়ির অন্যান্য খরচ করা লাগবে। তাই বাধ্য হয়া ধান বিক্রি করা লাগিল। এবার ধান আবাদ করিয়া খরচতো উঠপারে নয়, মেলা টাকা লোকসান হইবে।’ শমসের আলী নামের এক ধান ব্যবসায়ী বলেন, ‘ধানের ক্রেতা কম। সরকার ধান কেনার ঘোষণা দিলেও কিনছে না। ধানের বাজারমূল্য কম হলে আমাদেরই বা কী করার আছে।’
নগরের বাহাদুরসিং গ্রামের কৃষক মতিয়ার রহমান এ বছর প্রায় এক একর জমিতে ধানের আবাদ করে ৫৪ মণ ধান পেয়েছেন। তাঁর খরচ হয়েছে প্রায় ৩৭ হাজার ৫০০ টাকা। মণপ্রতি খরচ পড়েছে প্রায় ৭০০ টাকা। তিনি বলেন, ‘ধানের বাজারের এমন অবস্থা হইলে হামরা কেমন করি বাঁচমো বাহে।’
ক্ষতিগ্রস্ত চাষিরা গতকাল নগরের মাহিগঞ্জ সাতমাথা এলাকায় ধান ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট রংপুর জেলা শাখার উদ্যোগে ওই কর্মসূচি পালন করেন তাঁরা। সমাবেশে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা সংগঠক ও বাসদের জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু সভাপতিত্ব করেন। সমাবেশে আরও বক্তৃতা দেন বাসদের রংপুর জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, সদস্য আহসানুল আরেফিন, ক্ষতিগ্রস্ত ধানচাষি বাদশা মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, এ বছর প্রতি মণ ধান উৎপাদনে কৃষকের খরচ হয়েছে ৭০০-৭৫০ টাকা। অথচ কৃষকদের বাধ্য হয়ে ৪০০-৪৫০ টাকায় প্রতি মণ ধান বিক্রি করতে হচ্ছে। সরকার মণপ্রতি ধানের মূল্য ৮৮০ টাকা নির্ধারণ করে কেনার ঘোষণা দিলেও ধান কেনা শুরু করেনি। ফলে সর্বস্বান্ত হচ্ছেন কৃষকেরা।