রংপুরে সন্তান হত্যার দায়ে মা-বাবার ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুরে পাঁচ বছরের শিশুসন্তানকে হত্যার দায়ে মা ও বাবাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মা আদুরি রানী ও তাঁর দ্বিতীয় স্বামী বীপিন চন্দ্র। গতকাল রায় ঘোষণার সময় বীপিন চন্দ্র আদালতে উপস্থিত ছিলেন। মা আদুরি রানী পলাতক।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফারুক মো. রেয়াজুল করিম বলেন, মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নের ছড়ান হিন্দুপাড়া এলাকার আদুরি রানী (৩৫) আগের স্বামীকে ছেড়ে একই এলাকার বীপিন চন্দ্রকে (৪০) বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর আদুরির ছেলে আনন্দ ওরফে বিশাল চন্দ্র (৫) তার নানি শোভা রানীর কাছেই থাকত। মাঝেমধ্যে সে মায়ের কাছে যেত। কিন্তু আনন্দের এই যাতায়াত বীপিন মেনে নেননি। এতে একসময় ছেলের প্রতি মায়েরও বিতৃষ্ণা জন্মে। ২০১৪ সালে মায়ের কাছে গেলে বীপিন ও আদুরি ক্ষিপ্ত হয়ে তাকে গলা টিপে হত্যা করেন।
মিঠাপুকুর থানার এসআই মোসলেম উদ্দিন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। ওই বছরের ৮ জুলাই আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।