রংপুরে সমাবেশে জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণজাগরণ মঞ্চের রোডমার্চ উপলক্ষে গতকাল বিকেলে রংপুর নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন ।  ছবি: প্রথম আলো
গণজাগরণ মঞ্চের রোডমার্চ উপলক্ষে গতকাল বিকেলে রংপুর নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন । ছবি: প্রথম আলো

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, জামায়াত-শিবির একাত্তরের মতো আবারও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালাচ্ছে। তাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। সরকারকে আইন করে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
গতকাল শনিবার বিকেলে রংপুর শহীদ মিনারে গণজাগরণ মঞ্চের এক সমাবেশে ইমরান এইচ সরকার এ কথা বলেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমানসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা।
সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধসহ তিন দফা দাবিতে গত শুক্রবার ঢাকা থেকে ঠাকুরগাঁও অভিমুখে গণজাগরণ মঞ্চের রোডমার্চ শুরু হয়।
রংপুরে সমাবেশের আগে গতকাল সকালে গণজাগরণ মঞ্চের গাড়িবহর বগুড়া থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌঁছায়। সেখানে এক পথসভায় গণজাগরণ মঞ্চের গোবিন্দগঞ্জ উপজেলা শাখার মুখপাত্র শাকিল আকন্দের সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ। এরপর গণজাগরণ মঞ্চের গাড়িবহর সকাল ১০টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পৌঁছায়।
এ ছাড়া গতকাল সকালে গাইবান্ধার পলাশবাড়ী এবং রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুর এবং সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুরে গণজাগরণ মঞ্চের পথসভা অনুষ্ঠিত হয়।