রংপুরে সরকারি গুদামে চাল দেওয়া বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সদর উপজেলার চালকলের মালিকেরা অভিযোগ করেছেন, সরকারি গুদামে চাল সরবরাহের জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রক বস্তাপ্রতি উৎকোচ দাবি করেছেন। এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার থেকে চাল সরবরাহ বন্ধ করে দিয়েছেন চালকলের মালিকেরা। একই সঙ্গে তাঁরা জেলা খাদ্য নিয়ন্ত্রকের অপসারণ দাবি করেন।সদর উপজেলা চালকল মালিক সমিতি গত বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম মহসীন প্রতি বস্তা চালে ৫০ টাকা করে উৎকোচ দাবি করেছেন। টাকা না দিলে চাল নিম্নমানের এবং বস্তা খারাপ—এমন অজুহাত দেখিয়ে তা ফিরিয়ে দেওয়া হচ্ছে। এ ছাড়া জেলা খাদ্য অফিসের দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনায় চালকলের মালিকেরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এতে চালকলের মালিকেরা লোকসানের মুখে পড়েছেন। এ অবস্থায় বুধবার বৈঠক করে চাল সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন চালকল মালিক সমিতির ১৮০ জন সদস্য।সমিতির আহ্বায়ক নজরুল ইমলাম গতকাল প্রথম আলোকে বলেন, উৎকোচ বন্ধ এবং জেলা খাদ্য নিয়ন্ত্রককে না সরানো পর্যন্ত সমিতির কোনো সদস্য সরকারি গুদামে চাল সরবরাহ করবেন না।জেলা চালকল মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক শেখ আবুল কাশেম জানিয়েছেন, সাত দিনের মধ্যে বিষয়টি সুরাহা না হলে সব উপজেলায় সরকারিভাবে চাল দেওয়া বন্ধ করা হবে।