রংপুরে সাংবাদিক হত্যায় গ্রেপ্তার নেই, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মসিউর রহমান
মসিউর রহমান

রংপুরে সাংবাদিক মসিউর রহমান হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ বলছে, জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে।
নিহত মসিউরের মা নুরজাহান বেগম বাদী হয়ে গত শুক্রবার কোতোয়ালি থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার অগ্রগতি জানতে চাইলে রংপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, মাদক ব্যবসায়ীরা মসিউরকে হত্যা করেছে, এটা অনেকটা নিশ্চিত। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। তারা গোয়েন্দা নজরদারিতে আছে। আশা করা হচ্ছে, তাদের আটক করা সম্ভব হবে।
এদিকে আজ রোববারের মধ্যে হত্যাকারীরা গ্রেপ্তার না হলে কাল সোমবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে স্থানীয় সাংবাদিক সমাজ। গতকাল শনিবার রংপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ কর্মসূচি দেওয়া হয়।
বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সমাবেশে রংপুরের আটটি উপজেলার সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। মানববন্ধন চলাকালে রংপুর প্রেসক্লাবের সভাপতি সদরুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আলী আশরাফ, স্থানীয় পরিবেশ পত্রিকার সম্পাদক ফজলুল হক, মাছরাঙা টিভির সাংবাদিক রফিক সরকার, সময় টিভির মানিক সরকার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রশিদ বাবু, স্থানীয় যুগের আলো পত্রিকার আফজাল হোসেন, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ হোসেন, নিহত সাংবাদিকের মা নুরজাহান বেগম, স্ত্রী তহমিনা বেগম প্রমুখ।
মানববন্ধনে নুরজাহান বেগম বলেন, ‘আমার একমাত্র সন্তানই ছিল উপার্জনের পথ। এখন আমি কীভাবে চলব? আমি আমার সন্তান হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসি চাই।’
যুগের আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক মসিউর রহমান গত বুধবার রাতে কর্মস্থল থেকে বেরোনোর পর নিখোঁজ হন। পরদিন সকালে শহর থেকে সাত কিলোমিটার দূরে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে শেখপাড়া এলাকায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। মাদক ব্যবসা নিয়ে লেখালেখি করার কারণে তিনি খুন হয়ে থাকতে পারেন বলে পুলিশ ও সহকর্মীদের ধারণা।