রংপুরে সাংসদের জানাজা, লাশ আসবে ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা-১ আসনের সরকারদলীয় সাংসদ মনজুরুল ইসলামকে (লিটন) গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ-অবরোধ কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গাইবান্ধা-নলডাঙ্গা-বামনডাঙ্গা সড়কের সাহাবাজ গ্রামের লিটন মোড়ে রাস্তার ওপর অবরোধ গাছ ফেলে ও আগুন ধরিয়ে প্রতিবাদে শামিল হন তাঁরা। ছবিটি রোববার সকালে তোলা। ছবি: সোয়েল রানা
গাইবান্ধা-১ আসনের সরকারদলীয় সাংসদ মনজুরুল ইসলামকে (লিটন) গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ-অবরোধ কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গাইবান্ধা-নলডাঙ্গা-বামনডাঙ্গা সড়কের সাহাবাজ গ্রামের লিটন মোড়ে রাস্তার ওপর অবরোধ গাছ ফেলে ও আগুন ধরিয়ে প্রতিবাদে শামিল হন তাঁরা। ছবিটি রোববার সকালে তোলা। ছবি: সোয়েল রানা

সরকারদলীয় সাংসদ মনজুরুল ইসলামের (লিটন) প্রথম জানাজা আজ রোববার দুপুরে রংপুর পুলিশ লাইন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। তাঁর মরদেহ ঢাকায় আনা হবে। জাতীয় সংসদ ভবনে তাঁর জানাজা হবে।

সাংসদের এপিএস জাহাঙ্গীর আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার রাতে সাংসদের ময়নাতদন্ত হয়েছে।

দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর পুলিশ লাইন স্কুল মাঠে সাংসদের প্রথম জানাজায় সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হকসহ স্থানীয় নেতা-কর্মীরা অংশ নিয়েছেন।

এদিকে সাংসদ হত্যার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আজ সকাল থেকে হরতাল চলছে। বামনডাঙা স্টেশনে সান্তাহারগামী একটি ট্রেন সকাল সাড়ে আটটা থেকে আটকে রেখেছে সাংসদের সমর্থকেরা। সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সুন্দরগঞ্জের বেশির ভাগ দোকানপাট বন্ধ রয়েছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। বামনডাঙা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাদিম হোসেন বলেন, সাংসদের হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত হরতাল চলবে।

গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম সকাল ১০টার দিকে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তিনি তাঁদের নাম বলেননি।

গতকাল সন্ধ্যায় সুন্দরগঞ্জের সাহাবাজ গ্রামে ঘরে ঢুকে সাংসদ মনজুরুল ইসলামকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। স্থানীয় আওয়ামী লীগ এ ঘটনায় জামায়াত অথবা উগ্রপন্থীদের সন্দেহ করছে। সুন্দরগঞ্জের শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যাচেষ্টার মামলার আসামি ছিলেন সাংসদ মনজুরুল। তিনি জামিনে ছিলেন।