রংপুরে সাড়ে পাঁচ বছরে ৪২০টি ট্রান্সফরমার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গত সাড়ে পাঁচ বছরে পল্লী বিদ্যুৎ সমিতি এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৪২০টি ট্রান্সফরমার ও বিপুল পরিমাণ তার চুরি হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য তিন কোটি টাকা বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে।
পল্লী বিদ্যুৎ সমিতি ও পিডিবি সূত্র জানায়, ২০০৮ সালের জানুয়ারি থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ২২১টি ট্রান্সফরমার ও পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ১৯১টি ট্রান্সফরমার এবং পিডিবির আটটি ট্রান্সফরমার চুরি যায়। এ ছাড়া এসব এলাকায় বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারও চুরি হয়েছে। চুরি হওয়া প্রতিটি ট্রান্সফরমারের দাম ৫০ হাজার থেকে এক লাখ টাকা। সেই হিসাবে চুরি যাওয়া সব কটি ট্রান্সফরমারের দাম প্রায় তিন কোটি টাকা হবে বলে পল্লী বিদ্যুৎ ও পিডিবি সূত্রে জানা গেছে।
এদিকে ২১ সেপ্টেম্বর রংপুর শহরের কেরানীপাড়া ও বিসিক শিল্পনগর এলাকা থেকে পিডিবির দুটি ট্রান্সফরমার চুরি করে ট্রাকে নিয়ে যাওয়ার সময় পুলিশ ট্রাকটি ধাওয়া করে। পরে বদরগঞ্জ এলাকার শহীদ মিনারের কাছে গেলে পুলিশ গুলি চালায়। পরে পালিয়ে যাওয়া সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে রংপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) হুমায়ুন কবির জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। রংপুরের আট উপজেলা ও গাইবান্ধার সুন্দরগঞ্জসহ নয়টি উপজেলা নিয়ে দুটি পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২-এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন উপজেলা হলো মিঠাপুকুর, কাউনিয়া, পীরগাছা ও সুন্দরগঞ্জ এবং সমিতি-২-এর আওতাধীন উপজেলা হলো রংপুর সদর,গঙ্গাচড়া, তারাগঞ্জ ও বদরগঞ্জ। গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের গ্রাহক আফজাল হোসেন বলেন, ট্রান্সফরমার চুরি হওয়ার খেসারত গ্রাহকদের দিতে হয়। মিঠাপুকুর উপজেলার রানীপুকুর এলাকার আশরাফ মিয়া বলেন, এই এলাকায় গত তিন বছরে দুবার ট্রান্সফরমার চুরির জন্য বাড়তি টাকা পরিশোধ করতে হয়েছে।
গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান প্রামাণিক বলেন, ট্রান্সফরমার ও তার চুরি হলে পল্লী বিদ্যুতের কোনো মাথাব্যথা থাকে না। মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন অভিযোগ করে বলেন, সংশ্লিষ্ট দপ্তরগুলোর কয়েকজন অসাধু কর্মচারীর যোগসাজশে এসব চুরির ঘটনা ঘটছে।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক (জিএম) তোফাজ্জল হোসেন বলেন, চুরির পর সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়। গ্রেপ্তার করা না-করা থানার পুলিশের বিষয়।
পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জিএম নরেন্দ্র নাথ সরকার বলেন, পুলিশের সহায়তায় এলাকার জনগণ সংঘবদ্ধ হয়ে চুরি রোধ করতে পারেন। এই চুরির সঙ্গে পল্লী বিদ্যুতের লোকজন জড়িত থাকার অভিযোগ তিনিও অস্বীকার করেন।
পিডিবি রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী মজিবর রহমান বলেন, শহর এলাকায় ট্রান্সফরমার চুরির হার কম থাকলেও গ্রামাঞ্চলে বেশি শোনা যায়।