ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে রংপুর শহরের জাহাজ কোম্পানির মোড়সহ উল্লেখযোগ্য কয়েকটি স্থানের ফুটপাতের চায়ের দোকানগুলো রাত ১২টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে এক সপ্তাহ আগে এ নির্দেশ জারি করা হয়।
এদিকে পুলিশ ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গত সাত দিনে ২৫০ জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও বিভিন্ন সূত্র জানায়, নগরের বিভিন্ন স্থানে ছিনতাই ও মাদক ব্যবসা ও মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়ে যায়। এ নিয়ে প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় একাধিক খবর প্রকাশিত হয়েছে। নগরের বিভিন্ন মোড়ে ফুটপাতে গড়ে উঠেছে চায়ের স্টল, ফুচকা, বিস্কুট-রুটি, খিচুড়ি, চটপটিসহ নানা দোকান। রাতভর এসব দোকানে চলে বেচাকেনা। আর অপরাধী চক্রের সদস্যরা এসব দোকানে আড্ডা জমায়। এসব স্থান থেকেই চলে ছিনতাইসহ অপরাধ কর্মকাণ্ড।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী এসব এলাকার মধ্যে উল্লেখযোগ্য হলো নগরের প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানির মোড়, পায়রা চত্বর, শাপলা চত্বর, সিটি বাজার, পাবলিক লাইব্রেরি মাঠ, কাচারি বাজার, মেডিকেল মোড়, লালবাগ মোড় ও সাতমাথা মোড়। এসব এলাকার ফুটপাতের চায়ের দোকানগুলো রাত ১২টার পর খোলা না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ধরনের ব্যবসা বন্ধ এবং কয়েক দিনে ছিনতাইকারীদের গ্রেপ্তারে শহরে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে মন্তব্য করেন রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী মো. জুননুন। তিনি বলেন, ছিনতাই বেড়ে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছিল। বর্তমানে কিছুটা উন্নতি হয়েছে।
এ ব্যাপারে মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বলেন, শহরের রাতের দোকানগুলোতে এক শ্রেণীর যুবকের আড্ডা ছিল। এসব দোকান বন্ধ হওয়া যুক্তিযুক্ত হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, এসব দোকান বন্ধ থাকলে বিভিন্ন অপরাধীদের চিহ্নিত করা সহজ হবে। গত সাত দিনে বিভিন্ন অভিযোগে ২৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে শহরে ছিনতাই আগের চেয়ে অনেক কমে গেছে।