রংপুরে সার ডিলার নিয়োগ নিয়ে সৃষ্ট উত্তেজনার অবসান
রংপুরে সারের ডিলার নিয়োগ নিয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সৃষ্ট উত্তেজনার অবসান হয়েছে। জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের উপস্থিতিতে গত বুধবার বিকেলে উপজেলা পরিষদে দুই পক্ষের মধ্যে আলোচনা সভা হয়। এতে সারের ডিলার নিয়োগ সংশোধন করা হবে বলে আশ্বাস দেয় সদর উপজেলা প্রশাসন। এর আগে গত বুধবার সকালে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে উপজেলা চত্বরে ইউএনও ও কৃষি কর্মকর্তার অপসারণের দাবিতে এক সমাবেশ হয়। গত ২৬ জানুয়ারি রাতে সদর উপজেলার ১০৮ জন খুচরা সার বিক্রেতার তালিকা টাঙানো হয় উপজেলা কার্যালয়ে। পরের দিন ওই তালিকায় সার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের নাম দেখে জনগণ ক্ষুব্ধ হয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করে। কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গত সোমবার কর্মবিরতি পালন করেন। উপজেলা প্রশাসনের এমন কর্মসূচির পর সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমানের নেতৃত্বে তারাও সমাবেশ করেন। ইউএনও ও সার মনিটরিং কমিটির সভাপতি মোস্তাইন বিল্লাহ বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে সদর উপজেলা পরিষদে টাঙানো খুচরা সার বিক্রেতাদের তালিকাটি সংশোধন করা হবে।