রংপুরে সারের কৃত্রিম সংকট দাম বাড়ানোয় চাষি বিপাকে
রংপুরে আলু চাষের ভরা মৌসুমে ডিলার ও খুচরা ব্যবসায়ীরা সারের দাম বস্তাপ্রতি দুই শ থেকে আড়াই শ টাকা বাড়িয়ে দিয়েছেন। এতে করে আলুর উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন চাষিরা। খুচরা ব্যবসায়ীরা দাম বাড়ার জন্য ডিলার ও অবরোধে পরিবহন সংকটকে দায়ী করলেও ডিলাররা অভিযোগ অস্বীকার করেছেন। তবে সরকারি গুদামে পর্যাপ্ত মজুত থাকায় এলাকায় সারের সংকট হওয়ার কথা নয় বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।
কৃষকেরা জানান, রংপুরে এখন আলু চাষের ভরা মৌসুম। বর্তমানে আলু চাষের জমি তৈরির জন্য টিএসপি, পটাশ ও ইউরিয়া সার জরুরি দরকার। কিন্তু ডিলাররা দাম বাড়িয়ে দেওয়ায় সমস্যায় পড়েছেন তাঁরা। অবরোধের আগে প্রতি বস্তা টিএসপি এক হাজার ৫০ টাকায় পাওয়া যেত। এখন তা বিক্রি হচ্ছে এক হাজার ২০০ টাকায়।
আলু চাষিদের অভিযোগ, ডিলারদের কাছে সার থাকলেও অবরোধের সুযোগে তাঁরা সেগুলো মজুত করে দাম বাড়িয়ে ফায়দা লুটছেন। গঙ্গাচড়ার কিশামত হাবু গ্রামের কৃষক কমল কান্ত রায় জানান, ফসলের স্বার্থে বাধ্য হয়ে বেশি দামেই ইউরিয়া, পটাশ ও টিএসপি সার কিনছেন তাঁরা।
৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক অভিযোগ করেন, তিনি সদর উপজেলার বুড়িরহাট এলাকার ডিলার নুরুল ইসলামের কাছ থেকে সব সময় সার কেনেন। কিন্তু ইদানীং তিনি কোনো রসিদ দিচ্ছেন না। আর দামও বাড়িয়েছেন।
ডিলার নুরুল ইসলাম বলেন, ‘আমাদের বিরুদ্ধে সার ক্রেতাদের এ ধরনের অভিযোগ নতুন কিছু না।’
খুচরা সার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রব পাটোয়ারী অভিযোগ করেন, পরিবহন ব্যয় বেড়ে যাওয়াসহ ডিলারদের কাছ থেকে এখন বাড়তি দামে কিনতে হওয়ায় তাঁরা সারের দাম বাড়াতে বাধ্য হয়েছেন।
রংপুর সার ডিলারদের সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, অবরোধের কারণে এখানকার ডিলাররা সার আনতে পারছেন না। তবে কারও কাছ থেকে বাড়তি দাম রাখার অভিযোগ অস্বীকার করেন তিনি।
রংপুরে ইউরিয়া সারের সরকারি গুদামের (বাফা) ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, গতকাল ৯ ডিসেম্বর পর্যন্ত তাঁদের কাছে এক হাজার মেট্রিক টন ইউরিয়া সার মজুত রয়েছে। ফলে এলাকায় এ সারের সংকট হওয়ার কথা নয়।
কৃষি উন্নয়ন করপোরেশন রংপুর আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক আসাদুর রহমান প্রথম আলোকে জানান, কৃষকদের চাহিদা অনুযায়ী, রংপুরের সরকারি গুদামে এখনো টিএসপি ও পটাশ সারের ছয় হাজার মেট্রিক টন মজুত রয়েছে। বাজারে সারের তেমন সংকট হওয়ার কথা নয়।