রংপুরে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ
স্বাস্থ্য সহকারীর শূন্যপদে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য চাকরির কোটা সংরক্ষণের দাবিতে রংপুরে গতকাল রোববার মুক্তিযোদ্ধা সংসদ সিভিল সার্জনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে।বেলা ১১টার দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধারা মিছিল বের করেন। মিছিলকারীরা সাড়ে ১১টার দিকে কাচারি বাজারের সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকের সামনে এসে বিক্ষোভ করতে থাকেন। সেখানে বেলা তিনটা পর্যন্ত তাঁরা বিক্ষোভ করেন। এ সময় মুক্তিযোদ্ধারা সেখানে সমাবেশও করেন।সমাবেশে বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীর শূন্যপদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা নেওয়া হলেও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোনো কোটা সংরক্ষণ করা হয়নি। তাঁরা অবিলম্বে এই নিয়োগপ্রক্রিয়া বাতিলের দাবি জানান।সিভিল সার্জন রিয়াজুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে মৌখিক পরীক্ষা স্থগিত রাখতে বলেছি।’