রংপুরে সুড়ঙ্গ ধসে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে সুড়ঙ্গ ধসে মাটিচাপায় তিন তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরের ৩০ নম্বর ওয়ার্ডের বালাটারি গ্রামে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে বালাটারি এলাকার লিমন (২০), বাপ্পী (১৯) ও শাকিল (২০) মাটি কেটে সুড়ঙ্গটি তৈরি করেন। যাতায়াতের জন্য সুড়ঙ্গের দুই দিকে খাড়া সিঁড়ি নির্মাণ করা হয়। প্রতিদিন ওই সুড়ঙ্গে ঢুকে তাঁরা নেশা করতেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। প্রতিদিনের মতো গতকাল সকালেও ওই সুড়ঙ্গের ভেতর তাঁরা নেশা করতে যান। এ সময় সুড়ঙ্গটি ধসে পড়লে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। দুপুরে পুলিশ গিয়ে মাটি সরিয়ে তাঁদের লাশ উদ্ধার করে। রংপুর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তোতা মিয়া বলেন, মাটি কেটে স্থানীয় তরুণেরা ওই সুড়ঙ্গটি তৈরি করে। সুড়ঙ্গের ওপরের মাটির ভার সইতে না পেরে গতকাল তা ভেঙে পড়ে। এর ফলে তিন তরুণের মৃত্যু হয়। এ ঘটনা নিয়ে তাঁদের পরিবার কিংবা অন্য কারও কোনো অভিযোগ নেই।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা বলেন, ওই তরুণেরা নেশা করতেন। মাটি চাপা পড়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেননি। নিহত তরুণদের পরিবারের সদস্যদের কেউ মামলা করারও কোনো উদ্যোগ নেননি।