রংপুরে স্কুলছাত্র হিমেল হত্যার দায়ে তরুণের আমৃত্যু কারাদণ্ড
রংপুরের স্কুলছাত্র হিমেলকে অপহরণের পর শ্বাসরোধে হত্যার দায়ে মারুফ হোসেন ওরফে মানিক (২৩) নামের এক তরুণকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ড এবং মারুফের স্ত্রী রুনা আখতারকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক চাদ মোহাম্মদ আব্দুল আল রাজি গতকাল মঙ্গলবার দুপুরে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মারুফ কারাগারে আছেন, তাঁর স্ত্রী রুনা পলাতক।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, শহরের খলিফাটারী এলাকায় আবদুল করিম ওরফে ভোলা মিয়ার বাসায় মারুফ-রুনা ভাড়া থাকতেন। তাঁদের বাড়ি নওগাঁয়। ভাড়া থাকা অবস্থায় বাড়ির মালিকের ছেলে মর্নিং গ্লোরি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী হিমেলকে ২০১১ সালের ১১ নভেম্বর অপহরণ করে লুকিয়ে রেখে মুক্তিপণ দাবি করেন তাঁরা। অনেক খোঁজাখুঁজির পরও হিমেলকে খুঁজে পাওয়া যায়নি। ওই রাতেই শিশুর বাবা আবদুল করিম কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
১৬ নভেম্বর হিমেলের লাশ বাড়ির পাশেই বালুর স্তূপ থেকে উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর থেকে ভাড়াটে দুজনই পালিয়ে যান। পরে তাঁদের ঘরে রাখা একটি বাক্স থেকে শিশুর রক্তমাখা কাপড় উদ্ধার করে পুলিশ।
এরপর পুলিশ দুজনকে নওগাঁ থেকে গ্রেপ্তার করে। তাঁরা দুজনই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং হত্যার কথা স্বীকার করেন।
এই মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মারুফকে আমৃত্যু কারাদণ্ড এবং তাঁর স্ত্রীর বয়স ১৫ বছর হওয়ায় তাঁকে তিন বছরের আটকাদেশ দেন আদালত।