রংপুরে স্কুলছাত্রী হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
রংপুরে স্কুলছাত্রী শাহনাজ পারভীন বীথি হত্যার প্রধান আসামি রাজু মিয়াকে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক এ বি এম মাহমুদল হক এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, রংপুর সদর উপজেলার পাগলাপীর এলাকার সাহিদুল ইসলামের মেয়ে পাগলাপীর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী শাহনাজ পারভীন বীথি। ২০১০ সালের ২৭ ডিসেম্বর প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হওয়ায় একই এলাকার রাজু মিয়া (২২) তাঁকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন চালায়।
এ ঘটনার পর ২০১১ সালের ৭ এপ্রিল বীথির মা-বাবা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় বীথির বাবা সাহিদুল বাদী হয়ে আদালতে অপহরণ ও ধর্ষণ মামলা করেন। ২০১১ সালের ২৭ এপ্রিল রাজু মিয়ার বিরুদ্ধে মামলার সাক্ষ্য দেওয়ায় প্রকাশ্যে বীথিদের বাড়িতে গিয়ে ছোরা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে রাজু।
হত্যার পর বীথির বাবা সাহিদুল ইসলাম বাদী হয়ে ২০১১ সালের ২৮ এপ্রিল কোতোয়ালি থানায় রাজু মিয়াকে দায়ী করে হত্যা মামলা দায়ের করেন।
আজ মামলার সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক রাজু মিয়াকে দোষী সাব্যস্ত করে ফাঁসির রায় দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী আবুল মালেক ফাঁসির রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।