রংপুরে স্কুলছাত্রীর ওপর এসিড নিক্ষেপ
রংপুর নগরের দক্ষিণ বাবুখাঁ এলাকায় মাসুদা আক্তার নামের এক স্কুলছাত্রীর ওপর এসিড ছুড়ে মেরেছেন এক যুবক। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মো. আরিফ (২০) নামের এক যুবক সোমবার এ ঘটনা ঘটান। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাসুদা শহরের সেনপাড়ায় অবস্থিত সমাজকল্যাণ বিদ্যাবীথি স্কুল ও কলেজের নবম শ্রেণীর ছাত্রী। সে মরহুম মাহবুবুল আলমের মেয়ে। ওই ছাত্রীর পরিবার ও পুলিশ জানায়, মাসুদা ওই দিন রাত ১১টার দিকে ঘর থেকে বের হলে আগে থেকেই ওত পেতে থাকা পাশের বাড়ির আরিফ তার ওপর এসিড নিক্ষেপ করেন। এ সময় তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এতে তার মুখমণ্ডল, ডান হাত, বুক ও পিঠ ঝলসে গেছে। কর্তব্যরত চিকিৎসক আবদুল কাইয়ুম জানান, মাসুদার শরীরের বিভিন্ন অংশ এসিডে ঝলসে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে তিনি মন্তব্য করেন। স্কুলছাত্রীর মা সুলেখা বানু বলেন, ‘আমরা হইলাম গরিব মানুষ। কষ্ট করি মেয়েটাক পড়াশোনা করাইতেছি। বিয়ের বয়স না হইতে পাশের বাড়ির আরিফ তাকে বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে আমার মেয়ের ওপর এসিড ছুড়ে মারে।’ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, ঘটনার পর থেকে আরিফকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। মাসুদার বড় ভাই সোহেব আলম বাদী হয়ে আরিফকে আসামি করে মামলা করেছেন।