রংপুরে স্কুলবাস পুকুরে, এক শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ কেরোয়া এলাকায় গতকাল বুধবার সকালে একটি স্কুলবাস পুকুরে পড়ে মারুফ হোসেন (১১) নামে এক শিক্ষার্থী মারা গেছে। সে মীরবাগ মর্জিনা মেমোরিয়াল কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। দুর্ঘটনায় আহত ছয় শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারুফের মৃত্যুর খবর শুনে মা তানজিনা বেগম ও বাবা মোফাজ্জল হোসেন রংপুর মেডিকেল হাসপাতালে ছুটে যান। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ের মধ্যে মারুফ ছিল বড়। হাসপাতালে বুকফাটা কান্না ও আহাজারি করতে করতে তানজিনা বেগম বলতে থাকেন, ‘গরম ভাত খায়া মোর ছাওয়াটা স্কুল গেল। ছাওয়াটা মোর মরি যাবার পারে না। ছাওয়াটার মুখ একবার দেইকপার দেও।’জানা যায়, মর্জিনা মেমোরিয়াল কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের আনা-নেওয়ার বাসটি গতকাল সকাল সাড়ে আটটার দিকে কাউনিয়া উপজেলার রংপুর-পীরগাছা সড়কের কেরোয়া গ্রামে একটি মাইক্রোবাসকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় বাসটিতে ১৮ জন শিক্ষার্থী ছিল। স্থানীয় লোকজন ছুটে এসে বাসের ভেতর থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পথে মারুফ মারা যায়। আহত শিক্ষার্থী রুহুল আমিন (৮), রহনা (৭), তুহিন (১০), লাবণ্য (৮), আর্নিকা (১০) ও আবদুল্লাহ (১০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন। গাড়ির চালক ও সহযোগী পলাতক।