রংপুরে সড়ক চার লেন করার কাজ বন্ধের প্রতিবাদে অবরোধ
রংপুরে সড়ক চার লেন করার কাজ বিভিন্ন স্থানে বন্ধ থাকার প্রতিবাদে গতকাল সোমবার এলাকাবাসী এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা এক ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের মডার্ন মোড় থেকে লালবাগ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে এ মানববন্ধন করা হয়। ওই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সড়ক প্রশস্থ করার জন্য ছয় মাস আগেই কেটে রাখা হয়েছে। এতে শিক্ষার্থী ও এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।মানববন্ধন চলাকালীন বেলাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা পরিষেদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, মোজাহার আলী, আওয়ামী লীগের নেতা রওশানুল কাওসার, দিলশাদ হোসেন প্রমুখ।সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্র জানায়, গত বছর ২০ মার্চ থেকে রংপুর শহরের মেডিকেল মোড় থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়ে মডার্ন মোড় পর্যন্ত আট কিলোমিটার এবং মডার্ন মোড় থেকে শহরের ভেতর দিয়ে কলেজ রোড ও শাপলার মোড় হয়ে মেডিকেল মোড় পর্যন্ত আট কিলোমিটার সড়ক চার লেন করার কাজ শুরু হয়। চলতি বছরের মধ্যে এ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সূত্র জানায়, এক বছরের বেশি সময় পার হলেও এ পর্যন্ত এক-চতুর্থাংশও কাজ শেষ হয়নি।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহীন ওয়াদুদ বলেন, সড়ক খোঁড়াখুঁড়ি করায় দুর্ভোগ তো রয়েছেই, সেই সঙ্গে দুর্ঘটনাও ঘটছে। কারমাইকেল কলেজের শিক্ষার্থী পলি আক্তার বলেন, রাস্তার দুই পাশের মাটি কেটে কাজ বন্ধ রাখা হয়েছে। এতে চলাচলে কষ্ট হচ্ছে।সওজ রংপুরের নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, ‘শহরের মেডিকেল মোড় থেকে বাস টার্মিনাল হয়ে মডার্ন মোড় পর্যন্ত সড়কের কিছু অংশে কাজ বন্ধ আছে। আশা করি, ঠিকাদার শিগগির এ অংশে কাজ শুরু করবেন। আর মডার্ন মোড় থেকে শহরের ভেতর দিয়ে কলেজ রোড ও শাপলার মোড় হয়ে মেডিকেল মোড় পর্যন্ত আট কিলোমিটার সড়কের কাজ করার জন্য মাপজোক চলছে।