রংপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ৩
রংপুরে গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন।
কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম বলেন, গতকাল রংপুর শহরের সাতমাথা এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় মালেকা বেগম (৪৫) নিহত হন। তাঁর বাড়ি কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে।
পীরগঞ্জের বড়দরগা হাইওয়ে পুলিশের দায়িত্বে নিয়োজিত সার্জেন্ট আরিফ হোসেন বলেন, গতকাল ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ উপজেলার ধাপেরহাট এলাকায় একটি যাত্রীবাহী বাস পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক শিমুল মিয়া (২৩) মারা যান।
এদিকে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারাগঞ্জ উপজেলার মেনানগর গ্রামের ময়রন নাহার (৫০) উপজেলার কুর্শা গ্রামে তাঁর ভাড়া বাসায় রিকশায় করে যাচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের চৌপথী এলাকায় একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ময়রনের মৃত্যু হয়।