রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৫
রংপুর ও তারাগঞ্জে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। হাইওয়ে পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) আবদুর রশিদ জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে রংপুরের হাজিরহাট এলাকায় ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মারা যান। তাঁরা হলেন তারাগঞ্জ উপজেলার সৈয়দ আলী (৫৫) ও অজ্ঞাতনামা একজন মহিলা। বাসের ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের সবাইকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসচালক ও সহযোগী এবং ট্রাকচালক পলাতক। এ ঘটনায় বিক্ষুব্ধ মানুষ এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।এদিকে, মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় রংপুর-সৈয়দপুর মহাসড়কের বেলতলী এলাকায় সৈয়দপুরগামী পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের সরকারপাড়া গ্রামের রিকশাচালক শাহিনুর ইসলাম (৩২)। তিনি তারাগঞ্জ বাজার থেকে রিকশাভ্যানে চিনি, তেল ও লবণ নিয়ে ইকরচালী বাজারে ফিরছিলেন।