রংপুরে সড়ক প্রশস্তকরণ কাজ নিয়ে দীর্ঘসূত্রতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর বিভাগীয় শহরের সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের প্রথম পর্যায়ের প্রায় চার কোটি টাকা ফেরত গেছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সময়মতো দরপত্র আহ্বান ও কার্যাদেশ না দেওয়ায় এ টাকা ফেরত গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জমি অধিগ্রহণ নিয়ে জটিলতায় দ্বিতীয় পর্যায়ের কাজ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।রংপুর সওজ সূত্রে জানা গেছে, বিভাগ হওয়ার পর রংপুর শহরের মেডিকেল মোড় থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়ে মডার্ন মোড় এবং মডার্ন মোড় থেকে ক্যাডেট কলেজের সামনে দিয়ে লালবাগ হয়ে শহরের ভেতর দিয়ে পুনরায় মডার্ন মোড় পর্যন্ত ১৬ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের জন্য ৭৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এ কাজ তিন বছরে শেষ করার কথা। গত অর্থবছরে ২০ কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে। দরপত্র অনুযায়ী গত জুনের মধ্যে কাজ শেষ করতে না পারায় এ ২০ কোটি টাকার মধ্যে চার কোটি টাকা ফেরত গেছে। বাকি ১৬ কোটি টাকার মধ্যে ছয় কোটি টাকা জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে। বাকি টাকার কাজ হয়েছে। চলতি অর্থবছরে ৩০ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে।১৬ কিলোমিটার সড়কের আট কিলোমিটার শহরের মধ্যে। শহরের ভেতরের আট কিলোমিটার সড়কের ছয় কিলোমিটারের দুই পাশে প্রায় ৭০০টি দোকানপাট, অফিস-বাড়ি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। জমি অধিগ্রহণ করা হবে, এ বিষয়ে দোকান মালিক ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে। কিন্তু কার জায়গা কতটুকু নেওয়া হবে, এ বিষয়ে তিন মাসেও কোনো অগ্রগতি হয়নি বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। তবে অধিকাংশ ব্যবসায়ী জেলা প্রশাসনের দেওয়া চিঠি এখানো পাননি বলে দাবি করেছেন। এ অবস্থায় সড়ক সম্প্রসারণের কাজ নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।শহরের জাহাজ কোম্পানি মোড়ের রজনীগন্ধা মার্কেটের মালিক রঞ্জু মিয়া চিঠি পাননি জানিয়ে অভিযোগ করেন, সড়ক প্রশস্ত করা হলে কিছু দোকান ভাঙা পড়বে। কিন্তু প্রশাসন ব্যবসায়ীদের সঙ্গে এ বিষয়ে কোনো বৈঠকও করেনি। তাই হঠাৎ উচ্ছেদ অভিযান চালানো হলে সমস্যা হবে বলে তিনি মন্তব্য করেন। রংপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম টাকা ফেরত যাওয়ার কথা স্বীকার করে বলেন, এতে তেমন একটা সমস্যা হওয়ার কথা নয়। ২০১১-২০১২ অর্থবছরের জন্য ৩০ কোটি টাকার বাজেট পাওয়া গেছে। অর্থ ছাড় হলেই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করা হবে। সড়ক থেকে বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি অপসারণে বিলম্ব হচ্ছে বলে জানান তিনি। শহরের মধ্য দিয়ে সড়কের দুই পাশের দোকানপাট সরানো কিংবা উচ্ছেদের বিষয়টি জেলা প্রশাসন দেখবে বলে জানান শহীদুল ইসলাম।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ করিম প্রথম আলোকে বলেন, সড়ক প্রশস্তকরণে শহরের মধ্যে প্রায় ৭০০টি দোকানপাট ও প্রতিষ্ঠান পড়ছে। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে দোকানপাট হারানোর ভয় রয়েছে।