রংপুরে সড়ক সংস্কারে ধীরগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারের জন্য রংপুর নগরের প্রধান সড়কের বিভিন্ন স্থানে খুঁড়ে রাখা হয়েছে। কাজে ধীরগতির কারণে দুই মাসের বেশি সময়েও এই সড়কের সংস্কারকাজ শেষ হয়নি। এ কারণে রাস্তায় চলাচলে নগরবাসীকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।নগরের জেলা পরিষদ ভবনের সামনে থেকে বাংলাদেশ ব্যাংক মোড় পর্যন্ত এক কিলোমিটার সড়ক খুঁড়ে রাখা হয়েছে। সড়কের এই অংশের পাশে কারিগরি স্কুল ও কলেজ, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ কয়েকটি সরকারি কার্যালয় রয়েছে। গত কয়েক দিনের বৃষ্টিতে এ সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ের সামনের সড়কের খানাখন্দ বৃষ্টির পানিতে ভরে যাওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শিক্ষক আয়েশা সিদ্দিকা বলেন, নাগরিক সুবিধার নামে যে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে তার ধীরগতির কারণে জনদুর্ভোগ আরও বেড়েছে। নালা নির্মাণের জন্য জেলা প্রশাসকের বাসভবন থেকে বাংলাদেশ ব্যাংক মোড় পর্যন্ত সড়কের পাশের মাটি খুঁড়ে সড়কের ওপর স্তূপ করে রাখা হয়েছে। সংস্কারের জন্য নগরের কারমাইকেল কলেজের পাশে খামার রোডের বিভিন্ন স্থানে এবং পর্যটন মোটেলের সামনে খুঁড়ে রাখা হয়েছে।রংপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন নাগরিকদের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, দুর্ভোগ কমিয়ে আনতে ইতিমধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরকে (সওজ) অবহিত করা হয়েছে। সওজ রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, ‘প্রধান সড়কে মানুষের চলাচল বেশি। এ কারণে ঠিকাদারকে দেখেশুনে কাজ করতে বলা হয়েছে এবং নির্ধারিত সময় পার হওয়ার পর কাজের সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই কিছুটা সমস্যা হচ্ছে।’