রংপুরে হচ্ছে আধুনিক শিশু হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ নয় বছর আন্দোলনের পর রংপুরবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে। বিলুপ্ত হয়ে যাওয়া সদর হাসপাতাল এলাকায় ২৮ কোটি টাকা ব্যয়ে ১০০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক শিশু হাসপাতাল নির্মাণ করা হচ্ছে।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রংপুর সদর হাসপাতাল ক্যাম্পাসেই এই শিশু হাসপাতাল নির্মাণ বাস্তবায়ন করছে। রংপুর সদর হাসপাতাল পুনরায় চালু অথবা সেখানে একটি নতুন হাসপাতাল স্থাপনের দাবিতে গঠিত সংগ্রাম কমিটির নেতারা সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
রংপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর শিশু হাসপাতাল নির্মাণকাজের জন্য গত ২৬ নভেম্বর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঢাকা থেকে দরপত্র আহ্বান করে। এর প্রাক্কলিত ব্যয় ধরা হয় ২৮ কোটি ১২ লাখ টাকা। রংপুর সদর হাসপাতালের তিন একর জায়গায় নির্মিত হবে হাসপাতালটি। রংপুর সিটি করপোরেশনের উল্টো দিকে ১৭ একর জায়গায় সদর হাসপাতালটি অবস্থিত।
১৯৭০ সালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার পর প্রথম এর কার্যক্রম শুরু হয় রংপুর সদর হাসপাতালে। নতুন অবকাঠামো তৈরির পর ১৯৭৬ সালে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালটি নগরের ধাপ এলাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে সদর হাসপাতালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি সংক্রামক ব্যাধি ওয়ার্ড রয়েছে। এটি মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে যুক্ত হয়ে যাবে।
২০০৭ সালে রংপুর সদর হাসপাতাল পুনরায় চালু অথবা সেখানে নতুন একটি হাসপাতাল চালুর দাবিতে আন্দোলন শুরু করে রংপুরের বিভিন্ন পেশাজীবী সংগঠন। সে সময় আন্দোলনের চাপে তত্ত্বাবধায়ক সরকার সেটি পুনরায় চালু করার আশ্বাস দিলেও সেটি আর বাস্তবায়ন হয়নি।
নতুন হাসপাতাল স্থাপনের দাবিতে সংগ্রাম কমিটি গঠন করা হয়। এই কমিটির আহ্বায়ক মফিজুল ইসলাম। তিনি বলেন, তখনকার আন্দোলনের ফসল হিসেবে সরকার আজ সেখানে একটি শিশু হাসপাতাল নির্মাণ করছে।
এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন রংপুর মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব রেজাউল ইসলাম। তাঁর ভাষ্য, ‘আমাদের আন্দোলনের সফলতা এসেছে।’
শিশু হাসপাতাল প্রতিষ্ঠার সত্যতা নিশ্চিত করে রংপুর জেলা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ চৌধুরী প্রথম আলোকে বলেন, খুব শিগগির এটির অবকাঠামো নির্মাণকাজ শুরু করা হবে।