রংপুরে হত্যা মামলার রায়ে সাতজনের যাবজ্জীবন
রংপুরের পীরগাছায় হত্যার ঘটনায় সাতজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ দণ্ডাদেশ দেন।
আদালত সূত্র জানা যায়, উপজেলার ইটাকুমারী ইউনিয়নের হাড়িয়াপাড়া কালীগঞ্জ গ্রামের আবদুর রশীদের সঙ্গে বরেন্দ্র প্রকল্পের সেচপাম্প নিয়ে একই এলাকার আশরাফ ও হোসেন গংদের বিরোধ ছিল। এর জের ধরে ২০০৬ সালের ২৭ মে সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষ চলাকালে আবদুর রশীদের চাচাতো ভাই জিল্লুর রহমান (৫৫) লাঠির আঘাতে গুরুতর আহত হন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন সন্ধ্যায় তিনি মারা যান। এ ঘটনায় আবদুর রশীদ পরদিন পীরগাছা থানায় ১৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে অভিযুক্ত ১৬ জন আসামির মধ্যে আশরাফ, হোসেন, রওশন, মানিক, হামিদ, নজরুল ও আবুল হোসেনকে যাবজ্জীবন এবং হাশেম, রশিদ, মতলুব ও রফিকুলকে বিভিন্ন মেয়াদে সাজা এবং অন্য পাঁচজনকে খালাস দেওয়া হয়।