রংপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
রংপুরের মিঠাপুকুরে সাহেব আলী নামে এক বৃদ্ধকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, বিগত ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার আশকরপুর গ্রামের সাহেব আলী ছেলেকে সঙ্গে নিয়ে একটি রিকশা ভ্যানে করে শঠিবাড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। পথে রিকশা ভ্যানটি আসামি রিপন মিয়ার বাড়ির কাছে এলে পূর্বশত্রুতার জের ধরে অতর্কিতে রিপন লোহার রড দিয়ে বৃদ্ধ সাহেব আলীর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সাহেব আলী মারা যান।
এ ঘটনায় নিহত সাহেব আলীর ছেলে বকুল মিয়া বাদী হয়ে রিপনসহ তিনজনের নামে মিঠাপুকুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্ত শেষে দুই আসামিকে অব্যাহতি দেওয়া হয়। আদালত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আসামি রিপন মিয়াকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।