রংপুরে হত্যা মামলায় দুই নারীসহ সাতজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছর আগের এক হত্যা মামলায় দুই নারীসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রংপুরের একটি আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়নের তরফ বাহাদী গ্রামের লাবলু মিয়া, আবদুল আজিজ, নেহাল উদ্দিন, আরজিনা বেগম, ওমেলা বেগম, মশিউর রহমান ও নুর ইসলাম। রায় ঘোষণার সময় আসামি আরজিনা ও মশিউর অনুপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, লাবলু মিয়া ও তাঁর স্ত্রী আরজিনা বেগমের মধ্যে পারিবারিক কলহ ছিল। বিষয়টি জানতে পেরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশকাদহ মণ্ডলপাড়া গ্রামের কৃষক বেলাল হোসেন এই কলহ মেটাতে ২০০৬ সালের ২৯ সেপ্টেম্বর তাঁর ভাগনে লাবলু মিয়ার বাড়ি মিঠাপুকুরে আসেন। ওই দিন রাতে বেলাল হোসেন তাঁর ভাগনের স্ত্রী আরজিনাকে একা পেয়ে যৌন হয়রানি করেন বলে অভিযোগ উঠলে, লাবলুসহ পরিবারের অন্য সদস্যরা মিলে বেলালকে কয়েক দফায় গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করেন। গুরুতর অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১ অক্টোবর তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে আলমগীর হোসেন ২ অক্টোবর মিঠাপুকুর থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন।