রংপুরে হরতাল চলছে, গ্রেপ্তার ৭
বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে রংপুর বিভাগের আট জেলায় আজ সোমবার অর্ধদিবস হরতাল চলছে। শান্তিপূর্ণভাবে হরতাল চলছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গতকাল রোববার রাতে হরতালে নাশকতার পরিকল্পনায় জড়িত অভিযোগে পুলিশ যুবদল ও ছাত্রদলের সাত নেতাকে গ্রেপ্তার করেছে।
হরতালের সমর্থনে আজ সকাল আটটার দিকে রংপুর শহরের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বের হয়। নগরের গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয়ের সামনের সড়কে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এতে নেতা-কর্মীরা কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েছেন।
হরতালে রংপুরে বিপণিবিতানগুলো বন্ধ রয়েছে। নগরে ব্যাটারিচালিত অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেলসহ হালকা যানবাহন চলাচল করছে। আন্তজেলা ও দূরপাল্লার বাস চলাচল করছে না।
পুলিশ জানায়, হরতালে নাশকতার ষড়যন্ত্রে জড়িত থাকার সন্দেহে গতকাল রাত ১২টার দিকে নগরের পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠ থেকে রংপুর জেলা যুবদলের সভাপতি রইস আহমেদ ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহফুজ-উন নবী, রংপুর জেলা ছাত্রদলের সভাপতি জহির খানসহ সাতজনকে পুলিশ আটক করেছে। ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল, কিছু বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনার প্রতিবাদে নগরের সুরভি উদ্যানের সামনে ক্ষুব্ধ কর্মীরা একটি ট্রাকে আগুন দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন খলিফা জানান, আটক সাতজনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত শনিবার রংপুরের একটি স্থানীয় হোটেলে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল যৌথ সংবাদ সম্মেলন করে হরতালের কর্মসূচির ঘোষণা দেয়। এতে রংপুর বিভাগের আট জেলার ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।