রংপুরে হাত বাড়ালেই মেলে এসিড!
রংপুরে গত নয় বছরে ৮০টি এসিড সহিসংতার ঘটনা ঘটেছে। এর মধ্যে অধিকাংশই নারী। জমিসংক্রান্ত বা পারিবারিক বিরোধের জের ধরে এসব ঘটনা ঘটে বলে অনুসন্ধানে জানা গেছে। জেলার আটটি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি এসিড-সন্ত্রাসের ঘটনা ঘটেছে পীরগাছা উপজেলায়।বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, আরডিআরএস ও এসোড সূত্রে জানা গেছে, জেলার পীরগাছা উপজেলায় এসিড-সন্ত্রাসের ঘটনা ঘটেছে ২৫টি, পীরগঞ্জে ১২টি, বদরগঞ্জে সাত, কাউনিয়ায় আট, গঙ্গাচড়ায় ছয়, মিঠাপুকুরে ১০, বদরগঞ্জে চার ও সদর উপজেলায় আটটি।এদিকে স্বর্ণের দোকানগুলোয় সোনা গলানোর জন্য নাইট্রিক ও সালফিউরিক এসিড ব্যবহার করার লাইসেন্স থাকার নিয়ম থাকলেও অধিকাংশ দোকানের নেই কোনো লাইসেন্স। স্বর্ণ ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, শহরের বেতপট্টি, দেওয়ানবাড়ী রোড, হাড়িপট্টি ও ডিসি হকার্স মার্কেটে ছোটবড় ৮০টি দোকানের মধ্যে লাইসেন্স আছে ১৭টির।অনুসন্ধানে জানা যায়, জেলা ও উপজেলার কেমিক্যালের দোকানগুলো থেকে যে কেউ এসিড কিনতে পারে। এ ছাড়া মাইকের দোকানের ব্যাটারির জন্য যে এসিড ব্যবহার করা হয়, সেই এসিডই চলে যাচ্ছে সন্ত্রাসীদের হাতে।জেলা প্রশাসনের দপ্তরে এসিডবিষয়ক তদারকির দায়িত্বে নিয়োজিত ফজলুর রহমান জানান, স্বর্ণের দোকানগুলোতে এসিড ব্যবহারে লাইসেন্স থাকা বাধ্যতামূলক। কিন্তু আছে মাত্র ১৭টি দোকানের লাইসেন্স।স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক প্রথম আলোকে জানান, লাইসেন্স করা খুবই প্রয়োজন। দোকানদারদের অনেক তাগাদা দেওয়ার পরও তাঁরা লাইসেন্স করছেন না।পীরগাছায় এসিড-সন্ত্রাস কেন এত বেশি এ প্রসঙ্গে খন্দকার আবদুল করিম মিয়া ও বিএম কলেজের অধ্যক্ষ খন্দকার ফকরুল আনাম বলেন, খুব সহজেই এসিড মেলে বলেই এই সন্ত্রাস কমছে না। আর এই উপজেলায় মানুষের মধ্যে হিংসা-বিদ্বেষও অনেক বেশি। পীরগাছা ডিগ্রি কলেজের প্রভাষক মাসুদুর রহমান জানান, খোলা বাজারে বিক্রির কারণে সন্ত্রাসীরা সহজেই এসিড পেয়ে থাকে।পীরগাছা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফছার আলী বলেন, ‘আমাদের মা-বোনদের ওপর যারা এসিড ছোড়ে তাদের বিচার করা হলে এসিড ছোড়ার প্রবণতা অনেকটা কমে যাবে। পুলিশকেও সঠিকভাবে মামলার তদন্ত করতে হবে।’পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল বলেন, ‘আমরা প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ছাড়া এসিড কীভাবে পাওয়া যায় তাও খতিয়ে দেখা হচ্ছে।’রংপুরের পুলিশ সুপার সালেহ মো. তানভীর প্রথম আলোকে বলেন, এই এসিড-সন্ত্রাস বন্ধ করতে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় বৈঠক করা হয়েছে। তবে এ ব্যাপারে জনগণের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন।