রংপুরে হিমাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে কৃষকের আলু বিক্রির অভিযোগ
রংপুর সদর উপজেলার হাজিরহাট এলাকায় বশির উদ্দিন হিমাগার কর্তৃপক্ষ আলু বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আলু বিক্রির অভিযোগ এনে গতকাল মঙ্গলবার কৃষকেরা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে। এক কৃষক আলু বিক্রির অভিযোগে হিমাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাও করেছেন। তবে কর্তৃপক্ষ দাবি করেছে, আলু পচে গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ কৃষকেরা হাজিরহাট এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন। এ সময় দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সঙ্গে রংপুরসহ অন্যান্য জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা একটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। কৃষকেরা অভিযোগ করেন, কয়েক দিন ধরে রাতে এই হিমাগার থেকে আলুর বস্তা সরিয়ে অন্যত্র বিক্রি করা হচ্ছে। এখন কর্তৃপক্ষ বলছে, লোডশেডিংয়ের কারণে আলু পচে গেছে। কৃষকেরা স্বীকার করেন, কিছু আলু পচে যেতে পারে। কিন্তু কর্তৃপক্ষ পচে যাওয়া আলুর পরিমাণ অনেক বেশি বলে উল্লেখ করছে। অনেক কৃষক হিমাগার থেকে আলু তুলে নিয়েছেন। এর মধ্যে কিছু আলু পচে গেছে। রংপুরের সাতদরগার আলু ব্যবসায়ী আশরাফ হোসেন এই হিমাগারে ৯২০ বস্তা আলু রাখেন। তিনি অভিযোগ করেন, কৃষকদের আলু রাতের বেলা বিক্রি করে এখন পচনের কথা বলা হচ্ছে। এই হিমাগারে ৮০০ বস্তা আলু রেখেছেন নীলফামারীর বড়ভিটা এলাকার কৃষক দুলাল মিয়া। তিনিও একই অভিযোগ করেন। হিমাগার কর্তৃপক্ষ জানায়, ধারণক্ষমতা ৫০ হাজার বস্তা হলেও হিমাগারে এই মৌসুমে ৬৫ হাজার বস্তা আলু সংরক্ষণ করা হয়। হিমাগারের মালিক বাশার আহমেদ দাবি করেন, লোডশেডিংয়ের কারণে হিমাগারের ভেতরে গ্যাস সৃষ্টি হয়ে আলুতে পচন ধরে। তাই কৃষকদের আলু নিয়ে যাওয়ার জন্য তাগাদা দেওয়া হয়। রাতের বেলা আলু সরিয়ে বিক্রির অভিযোগ প্রসঙ্গে তিনি শুধু বলেন, কিছু আলু বিক্রি করা হয়েছে। কী পরিমাণ আলু বিক্রি করা হয়েছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। রংপুর আলু চাষি সমিতির সাধারণ সম্পাদক খাজা আহমেদ বলেন, ‘আমরা এ ঘটনার বিচার চাই, ক্ষতিপূরণ চাই।’ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে নিয়োজিত উপপরিদশক (এসআই) নুরে আলম বলেন, হিমাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে আলু বিক্রির অভিযোগ এনে আবদুল জলিল নামের এক কৃষক মামলা করেছেন।