রংপুরে ১০ কোটি টাকার চামড়া অবিক্রীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে কোরবানির পশুর প্রায় ১০ কোটি টাকার চামড়া এখনো অবিক্রীত অবস্থায় স্থানীয় বিভিন্ন গুদামে জমে আছে। এ কারণে বিপুল পরিমাণ টাকা লোকসানের আশঙ্কা করছেন চামড়া ব্যবসায়ীরা।
রংপুর চামড়া ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গেছে, এ বছর স্থানীয় চামড়া ব্যবসায়ীরা কোরবানির ঈদে মৌসুমি ও ফড়িয়া ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি বর্গফুট ৮০ থেকে ৮৫ টাকা দরে প্রায় ৫০ হাজার পশুর চামড়া কিনেছেন। এর মধ্যে গরুর ২০ হাজার ও খাসি ৩০ হাজার। এসব চামড়ার মূল্য ১০ কোটি টাকার বেশি। কিন্তু ঢাকা থেকে ট্যানারির লোকজন না আসায় এসব চামড়া অবিক্রীত অবস্থায় পড়ে আছে। স্থানীয় পদ্ধতিতে লবণ দিয়ে চামড়াগুলো সংরক্ষণ করা হয়েছে। এভাবে মাত্র এক মাস রাখা যাবে। এরপর এসব চামড়ার গুণগত মান নষ্ট হতে থাকবে। এর ফলে তা বিক্রি করা কষ্টকর হয়ে যাবে বলে সমিতি সূত্রে জানা যায়।
গত বুধবার রংপুর শহরের আদর্শপাড়ায় চামড়ার আড়তে সরেজমিনে দেখা গেছে, ব্যবসায়ীরা চামড়ায় লবণ মাখিয়ে গুদামে স্তূপ করে রেখেছেন। এ সময় কথা হয় চামড়া ব্যবসায়ী মুজিবর রহমানের সঙ্গে। তিিন বলেন, স্থানীয় পদ্ধতিতে বেশি দিন চামড়া সংরক্ষণ করে রাখার উপায় নেই। এ কারণে অনেক সময় নগদ দামে চামড়া কিনলেও ট্যানারিগুলোতে বাকিতে চামড়া বিক্রি করতে হয়।
আড়তের কয়েকজন ব্যবসায়ী জানান, রংপুরে প্রায় ১৫০ জন চামড়ার ব্যবসায়ী ছিলেন। ট্যানারি মালিকদের কাছে পাওনা টাকা না পেয়ে এখানকার অনেকেই এ ব্যবসা ছেড়ে দিয়ে অন্য ব্যবসায় চলে গেছেন। এখন চামড়া ব্যবসায়ীর সংখ্যা ২০-৩০ জনে নেমে এসেছে। এ ছাড়া জেলায় মৌসুমি ও ফড়িয়া চামড়া ব্যবসায়ী রয়েছেন তিন শতাধিক।
রংপুর চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল লতিফ খান বলেন, ট্যানারি মালিকেরা চামড়া কিনতে না এলে এবার বিপুল পরিমাণ টাকা লোকসান হতে পারে।