রংপুরে ট্রাকচালকসহ দুজনকে হত্যার দায়ে ১০ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে চালের ট্রাক লুট করার অপর এক মামলায় ওই ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন।
হত্যা ও লুটের দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মানিক, অহিদুল, নজরুল ইসলাম, আবুল হোসেন, শাহীন, বশির, শহিদুল ইসলাম, চান্দু মৃধা, আবুল বাশার ও সোবহান সিকদার। তাঁদের মধ্যে চান্দু, বাশার ও সোবহান কারাগারে আছেন। বাকিরা পলাতক।
রংপুর আদালতের সরকারি কৌঁসুলি আবদুল মালেক বলেন, ২০০৬ সালের ২৮ মার্চ রাতে ঠাকুরগাঁও থেকে আসা ২০২ বস্তা চালভর্তি একটি ট্রাক রংপুরের তারাগঞ্জ উপজেলার বারাতি সেতুর কাছে অন্য একটি খালি ট্রাক দিয়ে গতিরোধ করে ডাকাত দল। তারা চালের ট্রাকের চালক পরেশ চন্দ্র (৪০) ও তাঁর সহকারী সন্তোষ কুমারকে (২৮) হাত-পা বেঁধে খালি ট্রাকে তোলে। এরপর ডাকাত দল খালি ট্রাক ও চালের বস্তাবোঝাই ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পথে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় টহল পুলিশের ধাওয়া খেয়ে বেপরোয়া গতিতে চালাতে গিয়ে ডাকাত দলটি একটি ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ভ্যানের চালক মনোরঞ্জন আহত হন। ডাকাতেরা তখন ট্রাকের চালক পরেশ ও সহকারী সন্তোষকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয়। আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হলে ওই রাতেই ট্রাকচালক পরেশ ও ভ্যানচালক মনোরঞ্জন মারা যান।
এ ঘটনায় চালের ট্রাকের চালকের সহযোগী সন্তোষ কুমার বাদী হয়ে একটি হত্যা মামলা এবং চালের মালিক ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকার হারাধন চন্দ্র লুটের ঘটনায় পৃথক মামলা করেন বদরগঞ্জ থানায়।