রংপুরে ১৩ দিনে এক মণ ধানও সংগৃহীত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ক্রয়মূল্যের চেয়ে বাজারদর বেশি হওয়ায় সরকারকে চাল দিতে আগ্রহ দেখাচ্ছেন না কৃষকেরা৷ রংপুরে এবার বোরো ধান সংগ্রহ অভিযান শুরুর পর গত ১৩ দিনে এক মণ ধানও কিনতে পারেনি খাদ্য বিভাগ৷
রংপুরের আজিজুল্লাহ গ্রামের কৃষক আলম মিয়া বলেন, ‘সরকার ৮০০ টাকা মণ দরে ধান কেনার ঘোষণা দিয়েছে৷ খাদ্য বিভাগ শুকনা (১৪ শতাংশ আর্দ্র) ধান কিনে থাকে। আমরা খেত থেকে কেটে এনে শুকানোর আগেই ধান ৮০০ থেকে ৮৩০ টাকা মণ বিক্রি করছি। আবার এই ধান শুকিয়ে খাদ্য বিভাগে নিয়ে গেলে মণপ্রতি পাঁচ থেকে ছয় কেজি কম হয়। এ কারণে খাদ্য বিভাগে সরকারি দামে ধান বেচতে যাই না।’
শহরের একটি চালকলের মালিক নূরুল ইসলাম বলেন, ‘গেল বছরের চেয়ে এবার ধানের দাম বেশি। আর খাদ্য বিভাগ সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনে থাকে। এবার বাজারে ধানের দাম বেশি হওয়ায় কৃষকেরা সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করছেন না।’
রংপুর জেলা খাদ্যনিয়ন্ত্রক জামাল হোসেন বলেন, ‘আমরা শুকনা ধান কিনে থাকি। কৃষকের কাছ থেকে তা পাওয়া যায় না। এ ছাড়া সরকারি ক্রয়মূল্য থেকে বাজারদর বেশি হওয়ায় কৃষকেরা সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করতে আসছেন না।’
খাদ্য বিভাগ সূত্র জানায়, জেলায় ২৬ মে থেকে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে৷ এ জেলায় চলতি বছর বোরো ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চার হাজার ৩৬৮ মেট্রিক টন। প্রতি কেজি ধানের দাম ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে করে মণপ্রতি দাম দাঁড়ায় ৮০০ টাকা।
কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার বোরো ধানের ন্যায্য দাম পাওয়ায় কৃষকেরা বেশ খুশি। এক মণ ধানে কৃষকদের উৎপাদন খরচ পড়েছে ৬৮০ থেকে ৭০০ টাকা।
রংপুর নগরের রাজুখা গ্রামের মকবুল হোসেন এ বছর আট একর জমিতে বোরো ধান আবাদ করেছেন৷ তিনি একরপ্রতি ১০০ মণ করে প্রায় ৮০০ মণ ধান পেয়েছেন। তিনি জানান, বোরো খেতের জমি তৈরি থেকে ধান কেটে ঘরে তোলা পর্যন্ত একরপ্রতি খরচ হয়েছে ৬৮ থেকে ৭০ হাজার টাকা। আর বর্তমান বাজার অনুযায়ী, ধান বিক্রি করে একরে লাভ হবে ১০ থেকে ১২ হাজার টাকা। এই ধান ঘরে রাখলে কয়েক দিন পর আরও বেশি দামে বিক্রি করতে পারবেন বলে জানান তিনি। প্রায় একই কথা জানান পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের বিরাহীম গ্রামের কৃষক আকরামুল হকসহ কয়েকজন৷
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের উপপরিচালক ফিরোজ আহমেদ বলেন, এ বছর এক কেজি বোরো ধান উৎপাদনে কৃষকের খরচ হয়েছে ১৭ টাকা ৩৩ পয়সা। এ হিসাবে মণপ্রতি (৪০ কেজি) খরচ পড়ে প্রায় ৭০০ টাকা। গত বছরের তুলনায় এবার বিদ্যুৎ, ডিজেল ও ইউরিয়ার দাম বেড়েছে। কৃষি শ্রমিকের মজুরিও বেড়েছে। সব মিলিয়ে বোরোর উৎপাদন খরচ কিছুটা বেড়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ বছর রংপুর জেলায় এক লাখ ৫৪ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে৷ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ২২ হাজার ১৬০ মেট্রিক টন। গতকাল রোববার পর্যন্ত ৯২ শতাংশ ধান কাটা ও মাড়াই হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পুরো কাটা-মাড়াই শেষ হবে।