রংপুরে ১৫ লাখ টাকা নিয়ে ভুঁইফোড় সংস্থা উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা এলাকার সেভিংস অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি নামের একটি প্রতিষ্ঠান প্রায় ৩০০ আমানতকারীর আনুমানিক ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। ৯ অক্টোবর থেকে প্রতিষ্ঠানটির কার্যালয়ে তালা ঝুলছে। এ অবস্থায় মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের।
খোঁজ নিয়ে জানা গেছে, সহিদুল ইসলাম ও বারেকুল ইসলাম নামের দুই ব্যক্তি ২০১১ সালে হারাগাছ পৌর এলাকার হকবাজার এলাকায় দুই কক্ষের একটি বাসা ভাড়া নিয়ে সেভিংস অ্যান্ড কো-অপারেটিভ সোসাইটি নামক সংস্থাটি চালু করেন। তাঁরা গ্রাহকদের সুদ, ঋণ ইত্যাদি নানা সুবিধা দেওয়ার কথা বলে দৈনিক ও মাসিক ভিত্তিতে সঞ্চয় এবং স্থায়ী আমানত নিতেন। কিন্তু ৯ অক্টোবর থেকে প্রতিষ্ঠানটির কার্যালয়ে তালা ঝুলতে দেখা যায়।
আমানতকারীরা জানান, ঈদের আগে তাঁদের কিছু কিছু ঋণ দেওয়ার কথা ছিল। সেটা নিতে গেয়ে কার্যালয়টিতে তালা ঝুলতে দেখেন তাঁরা। তবে জানালা দিয়ে দেখা গেছে, টেবিল, চেয়ার ও আলমারির মতো মালামাল রয়ে গেছে।
বাড়ির মালিক রমজান আলী জানান, সহিদুল ও বারেকুল নিজেদের কাউনিয়ার মায়াবাজার এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে বাসা ভাড়া নেন। তাঁরা নিয়মিত ভাড়া পরিশোধ করতেন। হঠাৎ গত ৯ তারিখ থেকে তাঁরা লাপাত্তা হয়ে যান।
ক্ষতিগ্রস্ত আমানতকারী হারাগাছের মালিয়াটারী গ্রামের বাচ্চু মিয়া জানান, তিনি এক লাখ টাকা সঞ্চয় করেছিলেন। প্রতি মাসে তাঁকে এক হাজার টাকা করে সুদ দেওয়া হতো। ঈদের পর ঋণ সুবিধা দেওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই সংস্থার লোকজন গা ঢাকা দিয়েছেন। এখন তিনি কী করবেন বুঝতে পারছেন না।
একই গ্রামের নয়ন মিয়া ২৮ হাজার টাকা সঞ্চয় করেছেন। তিনি বলেন, ঈদের আগে ঋণ দেওয়ার কথা ছিল। কিন্তু ঋণ নিতে গিয়ে দেখেন কার্যালয়ে তালা।
জেলা সমবায় কর্মকর্তা আবদুল ওয়াহেদ জানান, ‘এই নামের কোনো প্রতিষ্ঠানকে আমরা নিবন্ধন দেইনি। এ রকম বহু ভুঁইফোড় প্রতিষ্ঠান মিথ্যা নিবন্ধন নম্বর দিয়ে একটি সাইনবোর্ড টানিয়ে লোক ঠকাচ্ছে।’
এদিকে কাাউনিয়া থানার ওসি আবদুল লতিফ মিয়া জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।