রংপুরে ১৫০ জন পেলেন সেরা সংগঠকের সম্মাননা
পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে রংপুর বিভাগের ১৫০ জন সংগঠককে সেরা সংগঠকের সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে রংপুর শহরে পর্যটন মোটেল মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হয়।
যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) ও বিশ্বসাহিত্য কেন্দ্র।
সেকায়েপের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মাহামুদ-উল-হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক এ কে এম সিরাজুল ইসলাম, বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির কো-টিম লিডার শরিফ মো. মাসুদ, সেকায়েপের উপ-প্রকল্প পরিচালক উম্মে হাবিবা ও জেলা শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম।
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বসাহিত্য কেন্দ্রের তত্ত্বাবধানে এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের বই পড়ানোর কাজে সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের একজন শিক্ষক অথবা গ্রন্থাগারিক। গ্রন্থাগারিকদের কার্যক্রমে গতিশীলতা ও উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর প্রকল্প থেকে প্রতিটি উপজেলার ১০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগারিক ও সংগঠকদের সম্মাননা পুরস্কার দেওয়া হয়।