রংপুরে ১৬ ব্যক্তিকে সম্মাননা প্রদান
রংপুর ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার ১৬ ব্যক্তিকে সম্মাননা, ৬৩ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও ১২ শিশুশিল্পীকে পদক দেওয়া হয়েছে। ২০১৪ সালে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য তাঁদের সম্মানিত করা হয়।
সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, চিকিৎসক আক্কাস আলী সরকার ও ব্যবসায়ী মোস্তফা আজাদ চৌধুরী, শিক্ষানুরাগী শাহ আব্দুর রাজ্জাক, লেখক সুফি মোতাহার হোসেন ও মহফিল হক, আইনজীবী আবু ইউসুফ ও মো. সারওয়ার উল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজ উদ্দিন ও মীর আলতাফ আলী, নারী সংগঠক হোসনে আরা লুৎফা। আরও পেয়েছেন সাংবাদিক আব্দুস সাহেদ, চিকিৎসক শাহী ফারজানা তাসমিন ও ইয়াসমিন আরা হক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুর জলিল খান ও ওমর আলী সরকার, ক্রিকেটার নাসির হোসেন, মহিলা ক্রিকেটার সানজিদা ইসলাম। সম্মাননা হিসেবে অর্জনকারী প্রত্যেককে ক্রেস্ট ও ১০ হাজার টাকার চেক দেওয়া হয়। এ ছাড়াও প্রাথমিক সমাপনী পরীক্ষা থেকে মাধ্যমিক পর্যন্ত কৃতী শিক্ষার্থীদের পাঁচ হাজার, উচ্চতর ডিগ্রির জন্য ১৫ হাজার টাকার চেক দেওয়া হয়।
গতকাল বিকেল চারটায় টাউন হলে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ। প্রধান অতিথি ছিলেন রংপুর-৫ আসনের সাংসদ এইচ এন আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত ও জেলা পরিষদের প্রশাসক মমতাজ উদ্দিন আহাম্মদ।