রংপুরে ২১ দিন ধরে তীব্র লোডশেডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বিদ্যুৎ উপকেন্দ্রের একটি ১০ এমভিএ ট্রান্সফরমার ২১ দিন ধরে নষ্ট পড়ে আছে। এটি আর মেরামত করা সম্ভব নয় বলে জানা গেছে। এ কারণে শহরের কমপক্ষে ২০টি পাড়া-মহল্লায় দিন-রাতের অর্ধেকেরও বেশি সময় বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। রংপুর বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, শহরের ধাপ কটকিপাড়া বিদ্যুৎ উপকেন্দ্রে ১০ এমভিএ ক্ষমতার দুটি ট্রান্সফরমার দিয়ে শহরের নয়টি ফিডারের মাধ্যমে ১৭ মেগাওয়াট বিদ্যুৎ সরাবরাহ করা হয়। এই দুটি ট্রান্সফরমারের একটি ৭ আগস্ট বিকল হয়ে যায়। অনেক চেষ্টা করেও সেটি ভালো করা সম্ভব হয়নি। ফলে বর্তমানে আট মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে। এতে শহরের অনেক এলাকায় ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে।রংপুর জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বলেন, একটি ট্রান্সফরমারের অভাবে পুরো শহরে চলছে ব্যাপক লোডশেডিং। ধাপ এলাকার একজন চিকিৎসক রহমত আলী বলেন, লোডশেডিংয়ের কারণে রোগীর পরীক্ষা-নিরীক্ষা করাতে ভোগান্তি পোহাতে হচ্ছে।রংপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-২ (পিডিবি)-এর নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান জানান, ২০ এমভিএ একটি ট্রান্সফরমার বরাদ্দ পাওয়া গেছে। কিন্তু দরপত্র-প্রক্রিয়া সম্পন্ন করতে বিলম্ব হচ্ছে। দরপত্র অনুযায়ী কার্যাদেশ দেওয়ার পর ট্রান্সফরমারটি চট্টগ্রাম থেকে যত দ্রুত সম্ভব আনার চেষ্টা করা হবে।