রংপুরে ২২ জনের বিরুদ্ধে দুদকের মামলা
দেড় কোটি টাকা কর ফাঁকির অভিযোগে রংপুরে ২১টি বিড়ি কারখানার মালিক ও ডাকঘরের চার সাবেক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে পৃথক ২১টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বুধবার রাতে কোতোয়ালি থানায় এসব মামলা করা হয়।মামলা সূত্রে জানা গেছে, ২০০৫-০৬ অর্থবছরে কাউনিয়া উপজেলার হারাগাছ বিড়ি শিল্প এলাকার ২১টি বিড়ি কারখানার ১৮ জন মালিক রংপুর প্রধান ডাকঘর থেকে ব্যান্ডরোল না কিনে ডাকঘরের কর্মকর্তাদের যোগসাজশে এক কোটি ২১ লাখ ৭৪ হাজার ৩০০ টাকার ব্যান্ডরোল উত্তোলন দেখান। এতে সরকার ওই রাজস্ব হারায়।দুর্নীতি দমন কমিশন রাজস্ব ফাঁকির এ ঘটনা তদন্ত করে সত্যতা পায়। পরে দুদক, রংপুরের সহকারী পরিচালক শেখ আবদুস সালাম বাদী হয়ে বুধবার ওই সব বিড়ি কারখানার মালিকদের বিরুদ্ধে পৃথক ২১টি মামলা করেন। যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে তাঁরা হলেন, বিড়ি কারখানার মালিক সাবেক সাংসদ ও জাতীয় পার্টির নেতা শাহ আলম, মেনাজ উদ্দিন, মাহমুদুর রহমান, জাকির হোসেন, নাজির হোসেন, ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন, জাকির হোসেন (২), মতিয়ার রহমান, রাজা মিয়া, মশিউর রহমান, শহিদার রহমান, জাহাঙ্গীর হোসেন, নয়ন মিয়া, মমতাজ হোসেন, সোনা মিয়া, শাহনাজ মিয়া ও হালিম হোসেন। এ ছাড়া রংপুর প্রধান ডাকঘরের সাবেক পোস্টমাস্টার আবদুল মান্নান, সহকারী পোস্টমাস্টার আজাহার আলী, ট্রেজারার নুরুল ইসলাম ও পোস্টাল অপারেটর ধীরেন্দ্র নাথ রায়কে সবগুলো মামলার আসামি করা হয়েছে।