রংপুরে ২৬ জনের টিসিবির ডিলারশিপ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোকানের অস্তিত্ব না থাকা ও পণ্য উত্তোলন করে কালোবাজারে বিক্রি করার অভিযোগে রংপুরে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ২৬ জনের ডিলারশিপ বাতিল এবং ১৮ জনের ডিলারশিপ স্থগিত করা হয়েছে। তাঁদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী।আওয়ামী লীগের নেতা-কর্মীদের যাঁদের ডিলারশিপ বাতিল করা হয়েছে তাঁরা হলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেসার্স অংকিতার মালিক খোকন সরকার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের কর্মী মেসার্স ঝর্ণা এন্টারপ্রাইজের মালিক ঝর্ণা বেগম, এআর এন্টারপ্রাইজের মালিক মো. আনিছুর রহমান, যুবলীগের কর্মী হারুন-অর-রশিদ, মহানগর আওয়ামী লীগের কর্মী রেজাউল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সদস্য মেসার্স রকিব ট্রেডার্সের মালিক আবু সাদত মো. শাওন, মহানগর আওয়ামী লীগের সদস্য জুলফিকার খান বখতিয়ারী, তাজুল ইসলাম ও আফতাব উদ্দিন তালুকদার।টিসিবির রংপুর কার্যালয় থেকে জানা গেছে, রংপুর সিটি করপোরেশন এলাকায় সরকারি উদ্যোগে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রির জন্য ১০৯ জন ডিলার নিয়োগ করা হয়। গত এপ্রিলে ঢাকা থেকে টিসিবির একটি তদন্ত দল যেসব এলাকায় ডিলারদের পণ্য বিক্রি করার কথা সেসব এলাকা পরিদর্শন করে। ২৬ জন ডিলারের ঠিকানায় কোনো কার্যালয় খুঁজে পায়নি তদন্ত দল। এরপর ৪ জুন তদন্ত দলের টিসিবির প্রধান কর্মকর্তা (সিএমএস ও বিওবি) মো. আক্তার হোসেন স্বাক্ষরিত একটি চিঠি রংপুর টিসিবির আঞ্চলিক কর্মকর্তাকে পাঠানো হয়। চুক্তিপত্রের শর্তাবলি যথাযথভাবে অনুসরণ না করায় ২৬ জন ডিলারের ডিলারশিপ বাতিল ও জামানত বাজেয়াপ্ত করার কথা ওই চিঠিতে উল্লেখ করা হয়। এ ছাড়াও একই অভিযোগে আরও ১৮ জনের ডিলারশিপ স্থগিত করা হয়েছে।ডিলারশিপ বাতিল হওয়া প্রসঙ্গে মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান বলেন, প্রতিষ্ঠানের অস্তিত্ব না থাকলে তো আর এ ব্যবসা করার প্রয়োজন নেই। জনগণ ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবে সেটা তো হতে পারে না।টিসিবির রংপুর আঞ্চলিক কার্যালয়ের প্রধান কর্মকর্তা সুজাউদ্দৌলা বলেন, কার্যালয়ের অস্তিত্ব না থাকায় এবং খোলাবাজারে পণ্য বিক্রি করে দেওয়ার অভিযোগে ২৬ জনের ডিলারশিপ বাতিল ও ১৮ জনের ডিলারশিপ স্থগিত করা হয়েছে। স্থগিত করা ডিলারদের আবার ডিলারশিপ দেওয়ার চিন্তাভাবনা চলছে বলে মন্তব্য করেন তিনি।