রংপুরে ৪০ জয়িতাকে সম্মাননা
রংপুরে বিভাগীয় পর্যায়ে ৪০ জন জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচজনকে নির্বাচিত করা হয়েছে সেরা জয়িতা হিসেবে।
গতকাল বুধবার রংপুর জেলা পরিষদ কমিউনিটি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং রংপুর বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় বিভাগের আট জেলার প্রতি জেলা থেকে পাঁচজন করে মোট ৪০ জন জয়িতাকে এ সম্মাননা দেওয়া হয়।
চূড়ান্ত পর্যায়ের নির্বাচনে পাঁচ ক্যাটাগরিতে নির্বাচিত সেরা পাঁচজন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। আর প্রত্যেককে দেওয়া হয় ১০ হাজার টাকা। সেই সঙ্গে বাকি ৩৫ জনকেও সম্মাননা ক্রেস্ট ও দুই হাজার টাকা করে দেওয়া হয়।
সেরা পাঁচ জয়িতা হলেন নির্যাতনের বিভীষিকা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা দিনাজপুরের কাহারোল উপজেলার প্রসাদপুর গ্রামের দোয়েলী বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী রংপুর শহরের নীলকণ্ঠ এলাকার সারথি রানী সাহা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের হোসনে আরা, সফল জননী রংপুর শহরের ধাপ কটকীপাড়ার রহিমা খাতুন ও সমাজ উন্নয়নে অবদান রাখা কুড়িগ্রাম সদর উপজেলার সবুজপাড়া গ্রামের সাইদা ইয়াসমিন।
জয়িতাদের সম্মাননা দেওয়া উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংসদ হোসনে আরা লুৎফা ডালিয়া, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম এবং মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী।
জয়িতা নির্বাচনে বিচারকের দায়িত্ব পালন করেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবদুল মজিদ, কারমাইকেল কলেজের অধ্যক্ষ বিনতে হোসাইন নাসরিন বানু, অধ্যাপক মোহাম্মদ শাহ আলম ও আরডিআরএসের মঞ্জুশ্রী সাহা।
রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।