রংপুর ৩৪ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় ৪৩ জওয়ানকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। বর্ডার গার্ডস বাংলাদেশের (বিজিবি) রংপুর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৩-এর বিচারক ও দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমেদ গতকাল রোববার এই রায় ঘোষণা করেন।সাজা পাওয়া ব্যক্তিদের মধ্যে হাবিলদার জাহাঙ্গীর ও মাজেদুর এবং সিপাই সাইদুর রহমানকে সর্বোচ্চ ছয় বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। হাবিলদার শাহজাহানকে পাঁচ বছর নয় মাস, নায়েক হামিদুর রহমানকে পাঁচ বছর তিন মাস, হাবিলদার রুহুল আমীন ও ল্যান্স নায়েক রহমতুল্লাহকে পাঁচ বছর, হাবিলদার আবদুল হাকিমকে চার বছর নয় মাস, হাবিলদার সিরাজুল ইসলাম, সিপাই জমিরুল, আল-আমীন গাজী ও আবদুল মান্নানকে চার বছর ও সিপাই জিল্লুর রহমানকে তিন বছর তিন মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা পাওয়া অন্যদের মধ্যে ১১ জনকে তিন বছর, একজনকে দুই বছর নয় মাস, একজনকে দুই বছর ছয় মাস, ছয়জনকে দুই বছর, দুজনকে এক বছর ছয় মাস, একজনকে এক বছর তিন মাস, সাতজনকে এক বছর ও একজনকে ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।বিচারক প্যানেলের সদস্য ছিলেন বিজিবির ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহফুজুর রহমান ও ৩৪ ব্যাটালিয়নের মেজর মোহাম্মদ মাসুদুল ইসলাম। আদালতে কৌঁসুলির দায়িত্ব পালন করেন লে. কর্নেল ওমর সাদী।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রংপুরে ৩৪ ব্যাটালিয়নের কিছু জওয়ান বিদ্রোহ করেন। তাঁরা অস্ত্রাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট করে এবং গুলিবর্ষণ করে ভীতিকর পরিবেশের সৃষ্টি করে।