রংপুরে ৫ দিনের ভাওয়াইয়া কর্মশালা শুরু
রংপুরে গতকাল সোমবার থেকে পাঁচ দিনের ভাওয়াইয়াবিষয়ক কর্মশালা শুরু হয়েছে। ভাওয়াইয়া অঙ্গনের আয়োজনে কর্মশালার উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত।
গতকাল বিকেল চারটায় নগরের নিউ ইঞ্জিনিয়ারপাড়ায় ভাওয়াইয়া ভবনে এ কর্মশালা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে রংপুরের বিশিষ্ট কবি ও সাহিত্যিক খন্দকার মো. সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনা করেন রংপুর বেতারের আঞ্চলিক পরিচালক আবদুল হক, প্রবীণ ভাওয়াইয়া শিল্পী গীতিকার ও সুরকার সিরাজ উদ্দিন, সংগঠনের সদস্যসচিব রণজিৎ কুমার রায় প্রমুখ।
কর্মশালার উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার বলেন, ভাওয়াইয়া সংগীত শুধু এ অঞ্চলেরই নয়, সারা দেশের লোকসংগীতের সম্পদ। এ সংগীত বাঁচিয়ে রাখতে কর্মশালার বিকল্প নেই।
আলোচনা শেষে ও কর্মশালার শুরুতে স্থানীয় ভাওয়াইয়া শিল্পীরা সমবেত সংগীত পরিবেশন করেন।
কর্মশালা পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান। এতে ৫০ জন ভাওয়াইয়া শিল্পী অংশ নেন।