রংপুরে ৫ স্থানে ১২টি সিসি ক্যামেরা স্থাপন
অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার রংপুর শহরের ৫টি স্থানে ১২টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে ২৪টি স্থানে ৫০টি ক্যামেরা স্থাপন করা হবে।
সিসি ক্যামেরা স্থাপন উপলক্ষে গতকাল বেলা ১১টায় শহরের জিলা স্কুল মোড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রংপুর পুলিশ রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
যে পাঁচটি স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে সেগুলো হলো রংপুর মেডিকেল মোড়, বাংলাদেশ ব্যাংক মোড়, জিলা স্কুল মোড়, পায়রা চত্বর ও জাহাজ কোম্পানি মোড়।
জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান, অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ ও মঞ্জুরুল করিম এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বক্তব্য দেন।
ডিআইজি খন্দকার গোলাম ফারুক তাঁর বক্তব্যে বলেন, রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যেকোনো সময়ের চেয়ে ভালো। এখন দুটি কাজ নিয়ে রংপুর বিভাগে পুলিশ কাজ করছে। তা হলো জঙ্গি দমন আর মাদক প্রতিরোধ করা। তিনি জঙ্গি ও মাদকের বিরুদ্ধে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
গাইবান্ধার সুন্দরগঞ্জের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ড প্রসঙ্গে ডিআইজি বলেন, এ খুনের পরিকল্পনাকারী ও তাদের গডফাদারদের শিগগির গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, যেকোনো ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে একটু সময় লাগে। যেভাবে রংপুরে জাপানি নাগরিক কুনিও হত্যার তিন মাসের মধ্যে সব খুনিকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, লিটনের হত্যাকারীদেরও সেভাবে গ্রেপ্তার করা হবে।