রংপুরে ৮০ লাখ টাকা নিয়ে ‘এনজিও’ উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহর ও কাউনিয়া উপজেলায় কমিউনিটি হেলথ ফাউন্ডেশন (সিএইচএফ) নামের ভুয়া একটি এনজিও কয়েক হাজার মানুষের আমানতের প্রায় ৮০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে। ভুয়া এনজিওটি চলতি মাসের শুরুর দিকে রংপুর শহরে তাদের কার্যক্রম শুরু করে। এ ধরনের কোনো প্রতিষ্ঠানের নিবন্ধন নেই বলে নিশ্চিত করেছে সমাজসেবা কার্যালয়। স্থানীয় প্রশাসন বা সমাজসেবা কার্যালয়ের যথাযথ তদারকির অভাবে এমন প্রতিষ্ঠান গড়ে ওঠে বলে প্রতারিত লোকজন অভিযোগ তুলেছেন। জানা গেছে, রংপুর শহরের খাসবাগ এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে কথিত এনজিওটি তাদের কার্যক্রম শুরু করে। গ্রাহকদের লাখ লাখ টাকা ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে জনপ্রতি দুই হাজার করে টাকা জমা নিয়ে সদস্য সংগ্রহ শুরু করে তারা। সহজ শর্তে ঋণ পাওয়ার আশায় লোকজন টাকা দিয়ে সদস্য হন। সংস্থাটি ঋণ দেবে বলে গত বৃহস্পতিবার গ্রাহক ও সদস্যদের তাদের কার্যালয়ে যেতে বলে। কিন্তু গ্রাহকেরা কার্যালয়ে গিয়ে তালাবদ্ধ দেখতে পান। ওই বাড়ির মালিক জানান, সংস্থাটি এক মাসের জন্য বাড়ি ভাড়া নিয়েছিল। চলে যাওয়ার আগে তাদেরও জানায়নি। গত বুধবার রাত থেকে তাদের কাউকে পাওয়া যাচ্ছে না। গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এই কার্যালয়ে প্রায় দেড় হাজার গ্রাহক দুই হাজার করে টাকা জমা রেখেছিলেন। আবার কেউ কেউ একাধিক নামে টাকা জমা দেন। সেই হিসাবে দেড় হাজার গ্রাহক কম করে হলেও ৩০ লাখ টাকা জমা রেখেছিলেন। প্রতারণার শিকার খাসবাগ এলাকার ব্যবসায়ী খায়রুল আলম জানান, তিনি ১০টি নাম দিয়ে ২০ হাজার টাকা জমা রেখেছিলেন। খাসবাগ এলাকার আরজুমান আরা বলেন, ‘অনেক কষ্ট করি টাকা জমাছনু। চার হাজার টাকা দিয়া দুইটা নাম খুলছিনু। এলা একেবারে শেষ হয়া গেনু। কায় জানবে যে এমন হইবে!’ এদিকে জেলার কাউনিয়া উপজেলার পল্লী বিদ্যুৎ কার্যালয়ের পাশে একই নামের ভুয়া সংস্থাটি মার্চের মাঝামাঝি কার্যক্রম শুরু করে। প্রতারণার শিকার খলিলুর রহমান জানান, ৫০ হাজার টাকা ঋণ পেতে তিনি ওই প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু টাকা দেওয়ার রসিদে ক্রমিক নম্বর ও স্বাক্ষর ছিল না। সন্দেহ হলে তিনি ইউএনওকে জানান। কাউনিয়ার ইউএনও আনোয়ার হোসেন পুলিশকে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলেন। ঘটনা জানাজানি হলে গত বুধবার রাতে ভুয়া এনজিওর লোকজন পালিয়ে যান। গ্রামবাসী জানায়, এই উপজেলায় প্রায় আড়াই হাজার লোক দুই হাজার করে টাকা জমা করে সদস্য হয়েছিলেন, যার পরিমাণ আনুমানিক ৫০ লাখ টাকা। ভুয়া এনজিওর ব্যবস্থাপক হিসেবে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির নাম পাওয়া গেছে। তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হারুন-অর রশিদ প্রথম আলোকে জানান, এই নামে কোনো এনজিওর নিবন্ধন নেই। এ ছাড়া এমন খবরও তাঁদের জানা নেই। তদারক করা হয় না কেন—এক প্রশ্নের উত্তরে তিনি জানান, লোকবল না থাকায় তদারক করা সম্ভব হয় না।